২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরপূর্তিতে পিনাক-৬ ডুবির ঘটনার পুনঃতদন্ত দাবি

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী পিনাক-৬ লঞ্চ ডুবির তিন বছরপূর্তিতে ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

শুক্রবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এ দাবি জানান।

একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দুর্নীতিকে প্রশয় দেন অভিযোগ করে তার পদত্যাগের দাবিও জানান তিনি।

লিখিত বক্তব্যে আশীষ বলেন, “ওই লঞ্চ দুর্ঘটনার তিনবছর পরও প্রকৃত অপরাধীদের শাস্তি হয়নি; বরং প্রহসনমূলক তদন্তের মাধ্যমে ‘উদোর পিণ্ড বুদোর ঘাড়ে’ চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে।”

২০১৪ সালের গত ৪ অগাস্ট ভরা বর্ষার সময়ে পদ্মায় পিনাক ডুবির পর ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়; নিখোঁজ থাকে আরও প্রায় ৬১ জন।

ত্রুটিপূর্ণ নকশায় লঞ্চটি তৈরি হওয়ার তথ্য পাওয়ার পর এ ঘটনায় দায়ের করা মামলায় পিনাকের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডেও নিয়ে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় গঠিত সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি কাজ করলেও নৌ পরিবহন অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে চারদিনের মাথায় তা বিলুপ্ত করে দেয় বলে বলছেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতা আশীষ।

তিনি বলেন, “কেন ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে, তা আজও অজানাই থেকে গেল। তারপর নৌ মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের নেতৃত্বে যে স্থায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এতে কোনো নৌ প্রকৌশলী রাখা হয়নি। এমনকি কমিটির সদস্য সচিবও নৌযানের ইঞ্জিন পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক উপযুক্ত নন। এতে পানিসম্পদ বিশেষজ্ঞ, শ্রমিক প্রতিনিধি, নৌ পরিবহন বিষয়ক গবেষক ও পরিবেশবিদ রাখার যৌক্তিকতা থাকলেও তাদের কাউকে স্থায়ী কমিটিতে রাখা হয়নি।”

ওই স্থায়ী তদন্ত কমিটি পিনাক-৬ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিলেও এতে প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে অভিযোগ তার।

আশীষ বলেন, “ক্রটিপূর্ণ তদন্ত কমিটির প্রশ্নবিদ্ধ তদন্ত প্রতিবেদনের কারণে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির জন্য দায়ী অর্থলোভী একাধিক কর্মকর্তা ধরা ছোঁয়ার বাইরে থাকায় নৌ দুর্ঘটনা রোধ ও সামগ্রিক নৌ নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় রয়ে গেছে।

“তাই জননিরাপত্তার স্বার্থে পিনাক-৬ দুর্ঘটনার পুনঃতদন্ত, প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি।”

২০১৫ ও ২০১৬ সালে লঞ্চ দুর্ঘটনা ‘সহনীয় মাত্রায়’ নেমে এসেছে বলে স্বীকার করলেও সংবাদ সম্মেলনে বলা হয়, ভবিষতে দুর্ঘটনা ঘটবে কিনা- কেউ এর নিশ্চয়তা দিতে পারবে না।

সেই কারণে নৌ নিরাপত্তা নিয়ে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি শঙ্কিত বলেও জানানো হয়।

জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশিষ বলেন, “বিশেষ করে ভরা বর্ষাসহ দুর্যোগের মৌসুমে ঈদ উদযাপিত হলে এই শঙ্কা আরো বহুগুণ বেড়ে যায়। এবারো দুর্যোগ মৌসুমে ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদের ঘরমুখী মানুষের যাতায়াতে সরকার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা মনে করি।”

পিনাক-৬ ডুবির ঘটনায় বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে জাতীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায় কমিটি।

এছাড়া নৌ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ, নৌ দুর্ঘটনায় নিখোঁজদের তালিকা প্রণয়ন ও তাদের ‘মৃত’ গণ্য করে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

‘নৌমন্ত্রী দুর্নীতি প্রশ্রয় দেন’

সংবাদ সম্মেলনে নৌ পরিবহনমন্ত্রীকে ‘দুর্নীতির বড়পুত্র’ আখ্যায়িত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার অনীহার একটি ঘটনা তুলে ধরেন আশীষ কুমার দে।

তিনি বলেন, “যে মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন দুর্নীতি বড়পুত্র, সেই মন্ত্রণালয় থেকে কী আশা করা যায়। বর্তমান নৌ পরিবহনমন্ত্রী যতদিন তার চেয়ারে থাকবেন, ততদিন বাংলাদেশের নৌ পরিবহন খাত নির্মম অবস্থা থাকবে।

“আমরা নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই নৌ পরিবহনমন্ত্রী চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের পরিবহন সেক্টরে কোনো উন্নতি হবে না, আর নৌ পরিবহনে তো নয়-ই।”

আশীষ বলেন, “নৌ মন্ত্রী যদি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উৎসাহী না হন, হাতেগুণা যে কয়েকজন কর্মকর্তা দুর্নীতিবাজদের শায়েস্তা করতে তৎপর, তাদেরকে যদি মন্ত্রী নিরুৎসাহিত করেন তাহলে দুর্নীতির বিস্তার তো হবেই।”

এ প্রসঙ্গে একটি ঘটনা তুলে ধরেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, যিনি একজন নৌ বাহিনীর কর্মকর্তা, তিনি অধিদপ্তরের প্রধান দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের ওএসডি করার জন্য গত পরশুদিন ফাইল নিয়ে নৌ মন্ত্রণালয়ে গিয়েছিলন। সচিব ওনার সঙ্গে একমত হয়েছিল, মন্ত্রী মহোদয় বলেছেন জনবল সঙ্কট, কাউকে এখন ওএসডি করা যাবে না। এই হল মন্ত্রীর আচরণ।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় কমিটির উপদেষ্টা ও পানি বিশেষজ্ঞ ম এনামুল হক, বিআইডব্লিউটিএর সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা, জাতীয় কমিটিসহ সভাপতি তাসলিম রানা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পিনাক মালিক ও ছেলেকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
পিনাক দুর্ঘটনা তদন্তে কেন জাতীয় কমিটি নয়: হাই কোর্ট
‘পিনাক-৬’ ডুবি: তদন্তে আবারও সময়