স্বামীর মারধরে মৃত্যু
রাজধানীর পশ্চিম রামপুরায় স্বামীর মারধরে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের নাম পারভীন আক্তার (৪৫)। তার স্বামী মনির হোসেন পলাতক।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কোন্দলের জের ধরে রোববার সকালে পশ্চিম রামপুরার মুক্তির মসজিদ গলির ৪৩৫ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিজের প্রায় পৌনে এক কাঠার জমির উপর টিনশেড দোতলা ঘর মনিরের। এসব ঘর থেকে যা ভাড়া পান, তাই দিয়ে তার সংসার।
ওসি বলেন, তার সংসারে অভাব-অনটন লেগেই ছিল। বড় ছেলে ফেনীতে তার মামার কাছে থেকে পড়া লেখা করে। ছয় বছরের ছোট মেয়েকে নিয়ে তারা এই বাড়িতে থাকেন।
“গতকালও (শনিবার) স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছিল। আজ সকালেও গন্ডগোল হয় এবং দরজা লাগিয়ে স্ত্রীকে মারপিট করে মনির হোসেন।”
মনির ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ভাড়াটিয়ারা পারভীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারভীনের শরীরে মারধরের চিহ্ন ছাড়াও থুতনির কাছে জখমের চিহ্ন রয়েছে বলে জানান ওসি প্রলয়।
তিনি বলেন, মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
