জগন্নাথে টেন্ডার নিয়ে ছাত্রলীগে সংঘর্ষে আহত ১০
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দরপত্র জমা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সকাল ও দুপুরে দুই দফা সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত নামে এক ছাত্রলীগকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগকর্মী পিয়াস, রাশেদসহ বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিগত কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীমের অনুসারীদের সঙ্গে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের অনুসারীদের এই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।
আহত শান্ত নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী একটি পক্ষের (ময়মনসিংহ গ্রুপ নামে পরিচিত) কর্মী। গত ২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হলেও এখনও কমিটি ঘোষণা হয়নি।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সকালের ঘটনায় উপস্থিত ছিলাম। সেটি তেমন বড় কোনো ঘটনা ছিল না। তবে দুপুর ২টার সময় যে ঘটনা ঘটেছে, তা ক্যাম্পাসের বাইরে ঘটেছে, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না।”
আহত ও প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি, ক্যালেন্ডার তৈরির কাজ পেতে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে দরপত্র জমা দিতে আসেন শরিফ ও সিরাজ। এ সময় প্রতিপক্ষ নতুন কমিটিতে পদ প্রত্যাশী বরিশাল, ময়মনসিংহ ও গোপালগঞ্জ অঞ্চলের ছাত্রলীগকর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সিরাজের অনুসারী সম্রাট, জুয়েলসহ চারজন আহত হন।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষের বাধার মুখে দরপত্র জমা দিতে ব্যর্থ হয়ে শরিফ ও সিরাজ তাদের সাংগঠনিক সম্পাদক শামীমকে সঙ্গে নিয়ে দলবলসহ ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা করেন বলে নতুন কমিটিতে পদ প্রত্যাশী (ময়মনসিংহ গ্রুপের নেতা) জহির রায়হান আগুন জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে শান্তকে ছুরিকাঘাত করা হয়। হামলাকারীদের মধ্যে শরীফের ছোটভাই দিদার, ওয়ারী এলাকার নুহাশসহ ২০ থেকে ২৫ জন বহিরাগত অংশ নেয় বলে ছাত্রলীগকর্মীরা অভিযোগ করেন।
পরে প্রক্টর নূর মোহাম্মদ, সহকারী প্রক্টর মোস্তফা কামাল ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মওদুদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আজ ক্যাম্পাসে যাইনি এবং আমার পক্ষ থেকে কোনো টেন্ডার জমা দেয়া হয়নি।”
অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলামও একই কথা বলেন।
তবে জহির রায়হান আগুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত শান্ত আমার অনুসারী। আমরা আজকে টেন্ডার নিয়ে কিছু করিনি।
“ইমরান এইচ সরকার আজকে আদালতে এসেছিল, আমরা সবাই মিলে তাকে ডিম মারতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে ক্যাম্পাসে এলে শরিফ-সিরাজ অনুসারীদের নিয়ে আমাদের উপর হামলা করে।”
বক্তব্যে প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে এক ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় রোববার জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণে আক্রান্ত হন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বের হওয়ার সময় তার গাড়িতে ডিম ছুঁড়ে মারে একদল লোক। এসময় ‘জয় বাংলা/জয় বঙ্গবন্ধু’, ‘ইমরানের দুই গালে/ জুতা মারো তালে তালে’ শ্লোগান দেওয়া হয়।
