সহকর্মীদের অভিযোগে ঢাবি শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে
সহকর্মীদের সঙ্গে ‘দুর্ব্যবহার ও অশিক্ষকসুলভ আচারণের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে এর আগেও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পাশাপাশি অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়েছে। এছাড়া আরও দুই শিক্ষকের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে দুটি কমিটি করা হয়েছে।
এর মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে পিএইচডি থিসিসি জমা না দিয়ে পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক বিল্লাল হোসাইনের সহযোগী পদে পদোন্নতি পাওয়ার অভিযোগ নিয়ে।
আর অন্য কমিটি হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টে (হেকেপ) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করবে।
অবশ্য অধ্যাপক বিল্লাল ও অধ্যাপক রউফের দাবি, গত সিনেট নির্বাচনে আওয়ামীপন্থি নীল দলের উপাচার্যবিরোধী প্যালেন থেকে প্রার্থী হওয়ায় তারা এখন ‘প্রতিহিংসার শিকার’।
তবে অভিযোগের বিষয়ে রুশাদ ফরিদীর বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
সভায় উপস্থিত কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিভাগের এক ছাত্রীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ও যৌননিপীড়নের অভিযোগে এর আগে ২০১২ সালে রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। সে সময় তার অভিযোগের বিষয়ে তদন্তও হয়েছিল। কিন্তু পরে তাকে শর্ত সাপেক্ষ বিভাগীয় কর্মকাণ্ডে ফেরার সুযোগ দেওয়া হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শিক্ষক ফেইসবুকের মাধ্যমে তার সহকর্মীদেরকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ এসেছে। ৩১ জন শিক্ষক অভিযোগ দিয়ে বলেছেন, অশিক্ষকসুলভ আচরণে কারণে তার সঙ্গে কাজ করা সম্ভব না। এসব বিষয়ে তদন্ত করতেই সিন্ডিকেট তদন্ত গঠন করেছে।”
অধ্যাপক ফরিদ জানান, বিল্লাল হোসাইন ২০১২ সালে পিএইচডির থিসিস জমা দেওয়ার কথা বললেও এখনো সেই কাজ শেষ করেননি। এ কারণে তার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত হয়েছে।
আর হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টে (হেকেপ) দুর্নীতির অভিযোগ নিয়ে দুদক একটি চিঠি দিয়েছিল। ওই চিঠির ভিত্তিতেই ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফের বিষয়ে তদন্ত কমিটি হয়েছে বলে জানান এই সিন্ডিকেট সদস্য।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক বিল্লাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিএইচডি থিসিস জমা দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল, আমি সেটার ব্যাখা দিয়েছি। সেটা জমা দেওয়ার সময় শেষ হয়নি। সিনেট নির্বাচনে উপাচার্যবিরোধী প্যানেলে থাকায় আমার বিরুদ্ধে এই তদন্ত কমিটির করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে একই ধরনের কথা বলেছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি প্রতিহিংসার শিকার। গত সিনেট নির্বাচনে বিরোধী প্যানেল দেওয়ায় বিষয়টি উপাচার্য ব্যক্তিগতভাবে নিয়ে আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন।”
তবে তাদের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তদন্ত কমিটির সঙ্গে সিনেট নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। ওই দুই শিক্ষক এখন ‘আত্মরক্ষার স্বার্থে’ এসব বলছেন ।
“এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত। তদন্ত করবে তদন্ত কমিটি। এই দুইজনের বিরুদ্ধে দুই ধরনে অভিযোগ। ইউজিসিও হেকেপ প্রজেক্টের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি করেছে। ইউজিসির চিঠি প্রেক্ষিতে অধ্যাপক আবু সারা শামসুর রউফের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে।
“আর বিল্লাল হোসাইন ২০১২ সালে থিসিসি জমা দেওয়ার কথা বলে আবেদন করায় তাকে সহযোগী অধ্যাপক করা হয়েছিল। এখন ২০১৭ সাল, পাঁচ বছরেও জমা দেওয়া হয়নি। আবার বিশ্ববিদ্যালয় বেতন দিয়ে শিক্ষককে ছুটি দিয়েছিল- এ বিষয়েও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ব্যবস্থা নেওয়া আগে বিষয়টি ভালোভাবে দেখতে বিধি অনুযায়ী তদন্ত কমিটি করা হয়েছে।”
