ধান গবেষণা ইনস্টিটিউট বিল পাস
কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং এ সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ সংসদে পাস হয়েছে।
বুধবার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নিষ্পত্তি করেন।
গত ৮ মে বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৭৩ সালের এ সংক্রান্ত আইন রহিত করে নতুন আইন করতে বিলটি আনা হয়েছে।
বিলে বলা হয়েছে, ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলোর সহযোগিতায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত ও উচ্চ ফলনশীল জাত জাত উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কর্মসূচি গ্রহণ করবে।
এছাড়া ইনস্টিটিউট জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় ধান গবেষণা কার্যক্রম গ্রহণ করবে।
ইনস্টিটিউটের কাজ পরিচালনার জন্য বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। সরকার কর্তৃক নিযুক্ত মহাপরিচালক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
