২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

ঢাকায় যে বর্জ্য হয় তা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেরাণীগঞ্জে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে বলে বিদ্যুৎ​ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 09:18 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

তিনি বলছেন, রাজধানীতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎ​পাদিত হয়, তার অর্ধেক​ দিয়ে ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ​ কেন্দ্র চালানো সম্ভব।

বুধবার সংসদে প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্যের পরিমাণ ৬ হাজার থেকে ৭ হাজার মেট্রিক টন। উৎ​পাদিত এই বর্জ্যের মাত্র অর্ধেক (তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন) বর্জ্য স্তূপীকরণ এলাকা বা ডাম্পিং সাইটে পাওয়া যায়।

“এই পরিমাণ বর্জ্য দিয়ে আ​ধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ​ কেন্দ্র নির্মাণ করা সম্ভব।”

এজন্য বিদ্যুৎ​ উন্নয়ন বোর্ড পা​ইলট প্রকল্প হিসেবে কেরাণীগঞ্জে বর্জ্যভিত্তিক এক মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছে বলে জানান তিনি।

“এই প্রকল্পে দৈনিক নির্দিষ্ট পরিমাণ বর্জ্য সরবরাহের লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাথে বিদ্যুৎ​ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সই হয়েছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে ১৮ মাসের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।”

প্রি-পেইড মিটারে গ্যাস সাশ্রয়

অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, একটি পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া এলাকায় সাড়ে চার হাজার ​আবাসিক প্রি–প্রেইড মিটার বসানো হয়েছে।

“প্রকল্পের ফলাফল সন্তোষজনক। গ্রাহকদের দায়িত্বপূর্ণ ব্যবহারের কারণে প্রতিটি ডাবল বার্নার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হতে দেখা যায়।”

প্রতিমন্ত্রী জানান, এডিবির অর্থায়নে এখন পর্যন্ত মোট আট হাজার ৬০০টি আবাসিক প্রি-প্রেইড মিটার স্থাপন করা হয়েছে। জাপান সরকারের ৩৫তম ওডিএ লোন প্যাকেজের আওতায় টিজিটিডিসিএলের মাধ্যমে আগামী বছরের ডিসেম্বরে মধ্যে দু্ই লাখ আবাসিক প্রি–প্রেইড মিটার স্থাপন করা হবে।এছাড়া আগামী বছরের জুনের মধ্যে চট্টগ্রাম এলাকায় ৬০ হাজার প্রি-প্রেইড মিটার স্থাপন করা হবে।

বছরে ৫ কোটি জোড়া জুতার ঘাটতি

সংসদে প্রশ্নোত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, পাদুকা প্রস্তুতকারী সমিতির তথ্য মতে বছরে দেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। সেখানে উৎ​পাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎ​পাদনের পার্থক্য থাকছে পাঁচ কোটি জোড়া।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৪৫টি মিল কারখানা আছে। এর মধ্যে চালু আছে ৩৬টি, বন্ধ নয়টি।

প্রশ্নোত্তরে আমু জানান, দেশে এখন চিনির বার্ষিক চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৫টি চিনিকলে কমবেশি এক লাখ থেকে দেড় লাখ মেট্রিক টন চিনি উৎ​পাদিত হয়।