তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
সম্পদের হিসাব জমা না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
শারীরিক অসুবিধায় আদালতে আসতে না পারার কারণ দেখিয়ে ইকবাল মান্দ বানুর আইনজীবীরা সময় আবেদন করলে বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হেসেন মোল্লা আগামী ১৬ অগাস্ট অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন।
আসামির পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও হান্নান ভূঁইয়া ওই সময় আবেদন করেন।
এ মামলায় এর আগে গত ১৪ মে ও ৮ জুন অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।
গত ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। পরে ২৩ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
ইকবাল মান্দ বানু সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী। তাদের মেয়ে জোবাইদা খানের সঙ্গে ১৯৯৩ সালে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিয়ে হয়।
জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ২৯ মে তারেক রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক। এরপর ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় দায়ের করা ওই মামলায় তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকেও আসামি করা হয়। অবৈধ সম্পদ অর্জনে তারেক রহমানকে সহায়তা এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
ওই মামলার অনুসন্ধান চলাকালে ইকবাল মান্দ বানুর নামে-বেনামে ‘বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পেয়ে’ তার সম্পদের হিসাব চেয়ে ২০১২ সালের ২৫ জানুয়ারি আলাদা নোটিস পাঠায় দুদক।
এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী না দেওয়ায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় এ মামলা দায়ের করেন।
দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
এর বিরুদ্ধে রিট আবেদন নিয়ে উচ্চ আদালতে গিয়েছিলেন তারেকের শাশুড়ি। কিন্তু হাই কোর্ট তা খারিজ করে দিলে মামলার কার্যক্রম চলার বাধা কাটে।
অপরাধ প্রমাণিত হলে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ধারা অনুযায়ী এ মামলায় তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।
