দাবি পূরণ না হলে ধর্মঘটের হুমকি নৌযান শ্রমিকদের
বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ নৌ শ্রমিকের মুক্তিসহ ২১ দফা দাবি পূরণ না হলে লাগাতার নৌ ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
বুধবার দুপুরে ২১ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে একথা জানান নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া।
সমাবেশে তিনি জানান, গত ২২ মার্চ ভারতের হলদি কোর্টে জাহাজ নিয়ে যাওয়ার পর কয়েকজন শ্রমিক নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য স্থলভাগে গেলে ভারতীয় কর্তৃপক্ষ আটজন শ্রমিককে আটক করে, যারা এখন ভারতের কারাগারে রয়েছে।
এছাড়া কোকো লঞ্চ দুর্ঘটনায় তাদের আরও আট শ্রমিক কারাগারে রয়েছে জানিয়ে শাহ আলম অভিযোগ করে বলেন, “৪০০ জন ধারণ ক্ষমতার কোকো লঞ্চে সেদিন কিভাবে ১৫শ যাত্রী উঠল, তা কী কর্তৃপক্ষ দেখেনি।
“লঞ্চটিতো সদরঘাটেই ডুবে যাওয়ার কথা ছিল। অথচ এই সময় কর্তৃপক্ষকে বিচারের আওতায় না এনে দিনমজুর শ্রমিকদের আসামি করা হল।”
‘এই অন্যায় মেনে নেওয়া যায় না’ মন্তব্য করে তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দিতে যাচ্ছি। যদি উনার নির্দেশে ২১ দফার দাবি পূরণ না হয়, তাহলে ২৩ জুলাই রাত ১২টার পর থেকে লাগাতার নৌ ধর্মঘট শুরু হবে।”
সমাবেশের পর দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে স্বারকলিপি দিতে প্রধামনমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করলে কদম ফোয়ারার সামনে তাদের বাঁধা দেয় পুলিশ।
তবে আইনশৃঙ্খলা বাহিনী নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন চৌধুরী ও সদস্য আব্দুর রহিম মাস্টার সমন্বয়ে একটি দলকে স্মারকলিপি নিয়ে যেতে দেয়।
মিছিলটি তখন কদম ফোয়ারা হয়ে পল্টন গিয়ে শেষ হয়।
মিছিলে বাঁধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের পুলিমের অতিরিক্ত উপ-কমিশার নাবিদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মিছিলটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে পথে জনদুর্ভোগ হবে।
বিষয়টি নৌযান নেতাদের বলায় তারা জনদুর্ভোগের বিষয়টি বুঝতে পেরেছে এবং প্রতিনিধি দল পাঠাতে তারা রাজি হয়।
নৌযান শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- প্রত্যেক নৌযান শ্রমিককে মালিক পক্ষ থেকে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক দেওয়া ব্যবস্থা নিশ্চিত করা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিকদের গ্রেডেশন বা পদ বিন্যাস নিশ্চিতকরণ, ফিসারিজ কনভেনশন অনুসমর্থনের এবং ফিশিং ট্রলার শ্রমিকদের কল্যাণ তহবিল গঠনের ব্যবস্থা করা।
এছাড়া ভারতগামী জাহাজ (ইনল্যান্ড) এর মাস্টার ড্রাইভার ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র প্রদান করার মাধ্যমে ভারতের অবস্থানকালে নদী তীরবর্তী বন্দর বা শহরে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাকরণ, কথায় কথায় সনদ স্থগিতকরণের প্রবণতা দূর করা, অন্যায়ভাবে বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রত চলাচলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং নৌ ও সমুদ্রপথে চাঁদাবাজি, সন্ত্রাস, জলদস্যুতা বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দাবির মধ্যে রয়েছে।
