২১ অগাস্ট হামলা: শেষ হলো আত্মপক্ষ সমর্থন
আলোচিত একুশে আগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে; বুধবার থেকে শুরু হবে সাফাই সাক্ষ্য।
মঙ্গলবার দুই মামলায় আরও চার আসামি আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন।ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান তারা।
এ মামলার আসামিদের মধ্যে কারাগারে থাকা ২৩ জন এবং জামিনে থাকা আটজনসহ মোট ৩১ আসামির আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার নির্দোষ দাবি করা আসামিরা হলেন-পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বক্স চৌধুরী এবং মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তাতৎকালীনবিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির জ্যেষ্ঠ সহকারী সুপার মুন্সি আতিকুর রহমান ও আব্দুর রশীদ।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনে থাকা এই চার আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করলেও তারা কেউই ‘সাফাই সাক্ষ্য’ দেবেন না বলে বিচারককে জানিয়েছেন। তবে শুধুমাত্র খোদা বক্সলিখিত বক্তব্য দেবেন বলে বিচারককে জানান।
এর আগে গত ৩০ মে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর এ মামলায় আত্মপক্ষ শুনানির দিন ঠিক করা হয়।
আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় আসামিদের মধ্যে খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে আছেন।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৪ জন কারাগারে এবং বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।
এছাড়া যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ যায়।
মামলার আরেক আসামি মুফতি হান্নানের ফাঁসি হয়েছে ২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায়।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এই মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠে, যা পরে তদন্তে বেরিয়ে আসে।
একুশে অগাস্টের আলোচিত এ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।
সন্ত্রাসবিরোধী ওই সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।
এ ঘটনায় পরদিন মতিঝিল থানার তৎকালীন এসআই ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ।
পুলিশের তদন্তের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। পরে মামলাটি যায় সিআইডিতে। ২০০৮ সালের ১১ জুন মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেনপুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির।
২০০৯ সালের ৩ অগাস্ট রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। মামলাটি তদন্তের ভার পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।
