এএসপির বিরুদ্ধে গুমের হুমকির অভিযোগ ব্যবসায়ীর
মৌলভীবাজারের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাকে গুম করে দেওয়ার হুমকি দিয়েছেন এক সহকারী পুলিশ সুপার।
আসবাবপত্র ব্যবসায়ী সাইফুল ইসলাম সজীবের অভিযোগ ঢাকা মহানগরের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আলমগীর হোসেনের বিরুদ্ধে। আলমগীর আগে মৌলভীবাজারের এএসপি ছিলেন।
মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তা আলমগীরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন জেপিএল ডোর অ্যান্ড ফার্নিচার ইন্ডাস্ট্রিজের মালিক সাইফুল।
এএসপি আলমগীরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেবলেন, একটি মামলায় তদন্ত পক্ষে নিতে না পারায় ‘মিথ্যা’ অভিযোগ তুলেছেন এই ব্যবসায়ী।
সাইফুল সংবাদ সম্মেলনে বলেন, মৌলভীবাজারে থাকার সময় আলমগীরের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তখন তিনি বিভিন্ন সময়ে নগদ টাকা ও ফার্নিচার বাবদ ২৮ লাখ টাকা দিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তাকে।
“নগদ পাওনাচাওয়ায় আলমগীর ক্ষিপ্ত হয়ে আমাকে ঢাকার বনশ্রীর বাসা থেকে ২০১২ সালের ৭ অগাস্ট ধরে মৌলভীবাজার নিয়ে যায় এবং সদর থানায় ৪৫ মিনিটের মধ্যে আমার বিরুদ্ধে তিনটি সাজানো মামলা দেয়।”
দুই মাস ২০ দিন কারাগারে থাকার পর জামিনে বেরহয়ে ওই বছরের ২১ নভেম্বর আলমগীরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপির কাছে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানান সাইফুল।
তিনি বলেন, ২০১৪ সালের ১৩ এপ্রিল হাইকোর্টে একটি রিট আবেদন করলে ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রণালয় আলমগীরের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেন।
বিভাগীয় ওই মামলায় সাক্ষ্যদেওয়ার সময় সিলেট তদন্তকারী কর্মকর্তাদের উপস্থিতিতেই আলমগীর তাকে জেরা এবং নানা ধরনের হুমকি দেন বলে অভিযোগ সাইফুলের।
তিনি বলেন, সেই মামলার শুনানি শেষে মৌলভীবাজার যাওয়ার পথে আলমগীরের নির্দেশে তাকে ধরে নিয়ে মৌলভীবাজার মডেল থানায় নির্যাতন করা হয়েছিল।
আলমগীরের প্ররোচনায় ২০১৫ সালে ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে এক নারী আইনজীবী রাজধানীর শাহবাগ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন বলে দাবি করেন সাইফুল।
তিনি বলেন, “এই বছরের জুন মাসের শেষ দিকেও আলমগীর ফোনে হুমকি দিয়ে বলে, ‘এগুলো ছেড়ে দে, তুই বাঁচবি না।”
অভিযোগের বিষয়ে আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক নারী চিকিৎসক তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছিল। ওই মামলাটি আমি তদন্ত করেছিলাম।
“কিন্তু সজীব (সাইফুল) তদন্ত নিজের পক্ষে নিতে পারেনি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।”
সাইফুলকে কখনও হত্যা বা গুম করার হুমকি দেননি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
