শাহজালালে এবার ১৯টি আগ্নেয়াস্ত্র আটক
দুটি পিস্তল উদ্ধারের দুই দিনের মধ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে এসব আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। এগুলো মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির নামে আমদানি করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক করা এসব অস্ত্রের মধ্যে ওয়ালথার পিপি ১৪টি ও ৫টি এইচকেফোর ব্র্যান্ডের পিস্তল।”
মইনুল খান বলেন, এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র আনে ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি।
গত রোববার বিমানবন্দরের এয়ারকার্গো থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি পিস্তল আটক করা হয়।
ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ
ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ
আমদানি নীতি অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে।
মইনুল খান বলেন, “আমদানি করা ওই সব অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন।”
ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির বিক্রয় কেন্দ্র ঢাকার বায়তুল মোকাররমে। গত রোববার ২টি অস্ত্র আটকের পর সোমবার এই প্রতিষ্ঠানে অনুসন্ধান চালান শুল্ক গোয়েন্দারা।
মইনুল বলেন, “এই শোরুমে ১৬১টি বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেলেও তার সপক্ষে কোনো কাগজ তাৎক্ষণিকভাবে দেখাতে পারেনি। তাছাড়া ভ্যাট ব্যবস্থাপনায়ও রয়েছে গড়মিল।”
পুরনো এবং ব্যবহৃত অস্ত্র কেন আমদানি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম নুরুল হুদা আজাদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মইনুল খান বলেন, “এই কমিটি দুটি বিষয় তদন্ত করবে। প্রথমত গ্রাহকদের নতুন বলে পুরনো ও ব্যবহৃত অস্ত্র বিক্রি করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নিচ্ছে কি না এবং দ্বিতীয়ত এসব অস্ত্র কী উদ্দেশ্যে আনা হয়েছে।”
