২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হেলালের আগাম জামিন

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 05:59 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ হেলালের আবেদন গ্রহণ করে তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী শামীমা ইসলাম মৌ ও আলো মণ্ডল।

শামীমা ইসলাম মৌ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার জামিন আবেদন করেছিলেন সাংবাদিক হেলাল। আজ সে আবেদনের শুনানি নিয়ে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।”   

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীকে নিয়ে প্রকাশিত সংবাদ ফেইসবুকে শেয়ার দিয়ে মন্তব্য করায় গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক হেলালসহ দুেইজনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন।

অন্য আসামি হলেন - পূর্ব সাপলেজা গ্রামের আফজাল হোসেনের ছেলে নুরুল আমীন রাসেল।

ফেইসবুকে সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করে মানহানির অভিযোগ আনা হয়েছে মামলায়।

পুরনো খবর:

ফেইসবুকে মন্তব্য, সাংবাদিকের নামে মামলা