চকবাজারে দোকানের আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু
রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুন লেগে দগ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আবুল কাশেম নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি কেনাকাটার জন্য তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানে গিয়ে নয় দিন আগে দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান।
এর আগে গত ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. মাসুম (৩৭)। তিনি ওই দোকানের মালিক মামুনুর রশিদের (৪০) বন্ধু ছিলেন।
গত ২ জুন বেলা সোয়া ১২টার দিকে লালবাগের রয়েল হোটেলের বিপরীত দিকে ওই দোকানে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হন।
তাদের মধ্যে দোকান মালিক মামুন এবং তার দুই কর্মচারী শামীম হোসেন (৩৪) ও জাকির হোসেন (২৪) বার্ন ইউনিটে ভর্তি আছেন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মামুনের শরীরের ১৮ শতাংশ, শামীমের ২৮ শতাংশ ও জাকিরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
ওই দোকানের কোনো বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।
