২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৌরশক্তি ও আমদানিকৃত বিদ্যুৎ একমাত্র বিকল্প’

আমদানি করা কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং পারমাণবিক শক্তির উপর নির্ভরশীলতার চেয়ে সৌর ও আমদানি করা বিদ্যুৎ বাংলাদেশের জন্য বাণিজ্যিকভাবে বেশি লাভজনক বলে মত দিয়েছে ইন্সটিটিউট অব অ্যানার্জি ইকোনোমিক্স অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 11:29 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

আমদানি করা কয়লা, এলএনজি এবং পারমাণবিক শক্তির ওপর নির্ভরশীলতা বাংলাদেশকে পিছিয়ে দেবে বলেও দাবি করছেন অস্ট্রেলিয়াভিত্তিক এই সংস্থাটির জ্বালানি বিশেষজ্ঞ সাইমন নিকোলাস।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সুন্দরবন রক্ষা কমিটি আয়োজিত এক সেমিনারে এই দাবি করেন তিনি।

নিকোলাস বলেন, ২০১৬ সালের নভেম্বরে ‘বাংলাদেশের বিদ্যুৎ রূপান্তর: একটি বৈচিত্র্য, নিরাপদ ও সাশ্রয়ী পন্থা’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে আইইইএফএ। ওই প্রতিবেদনে বাংলাদেশের বিদ্যুৎ ব্যাবস্থার জন্য ‘ভবিষ্যৎ পথ’ বিষয়ে আলোকপাত করা হয়।

“বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ। তবে এটি গুরুত্বপূর্ণ যে এর বৈদ্যুতিক খাতে যেন একুশ শতকের উন্নয়ন দেখা যায়। সৌরশক্তির একটি বড় সুবিধা হল এটি অত্যন্ত দ্রুতগতিতে নির্মাণ করা যায়।

“অন্যদিকে জীবাশ্ম জ্বালানি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘস্থায়ী নির্মাণ কাজের মুখোমুখি হয়। আমদানিকৃত কয়লা, এলএনজি এবং পারমানবিক শক্তির ওপর নির্ভরশীলতা বাংলাদেশকে বিশ্বব্যাপী পিছিয়ে ফেলবে।”

দীর্ঘ মেয়াদে বাণিজ্যিকভাবে লাভবান হতে হলে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ আমদানিই ‘একমাত্র কার্যকর বিকল্প’ বলেও মত দেন সাইমন নিকোলাস।

অন্যদের মধ্যে লেখক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাপার সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ সভায় বক্তব্য দেন।