শিক্ষকদের চরিত্র গঠনে জোর ঢাবি উপাচার্যের
শিক্ষকদের ‘উন্নত চরিত্র’ না থাকলে শ্রেণিকক্ষে তাদের দেওয়া পাঠদান ‘কার্যকর’ হবে না বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিক্ষকদের উন্নত চরিত্রের অধিকারী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “শুধু পাঠদান করলেই চলবে না, নিজেদের সৎ ও নিষ্ঠাবান হিসেবেও গড়ে তুলতে হবে।”
যৌন নিপীড়নের অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বরখাস্তের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই বক্তব্য এল।
ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ একজন ধর্মপ্রাণ ও আধুনিক মন-মানসিকতার মানুষ ছিলেন।
“তিনি যখন শ্রেণিকক্ষে পাঠদান করতেন, তখন পুস্তক পড়ানোর পাশাপাশি দেশপ্রেমের কথাও বলতেন। তাই শুধু বইকেন্দ্রিক লেকচার দিলেই চলবে না, দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও শিক্ষার্থীদের বলতে হবে।”
গুণী এই ভাষাবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, “আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ড. মুহম্মদ শহীদুল্লাহ’র নামে। আমরা ইতোমধ্যে একমত হয়েছি যে- এই হলের নাম পরিবর্তন করে অমর ড. মুহম্মদ শহীদুল্লাহ হল করব।”
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ আলোচনায় অংশ নেন।
