২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কো মহাপরিচালক নির্বাচনে বাংলাদেশের সমর্থন চায় মিশর

ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছে মিশর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 08:06 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মাউশিরা খাত্তাবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে এই সমর্থন চায়।

ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক নির্বাচনে মিশরকে বাংলাদেশের সমর্থনের বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে নাহিদ মিশরের রাষ্ট্রদূতকে জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “শিক্ষামন্ত্রী বলেন, মিশরের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।”

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, গত ৮ বছরে বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা তিনগুণ বেড়েছে।

“সব ছেলেমেয়েকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত জেন্ডার সমতা অর্জিত হয়েছে। ২০১২ সালের মধ্যেই সহস্রাব্দ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়েছে।”

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়টি তুলে ধরে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার কথাও মিশরের রাষ্ট্রদূতকে অবহিত করেন শিক্ষামন্ত্রী।

ঢাকায় মিশর দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়ালিদ শামসেলদিন, ডেপুটি হেড অব মিশন শেহাব মেক্কি, তৃতীয় সচিব আহমেদ জাকি এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সচিব আহমেদ সভি এসময় উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব নাজমুল হক খান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।