২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলা: সাফাই সাক্ষ্য দেবেন চার আসামি

একুশে আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম ডিউকসহ চার আসামি আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা আদালতকে জানিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 06:51 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নুরুদ্দিন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যে বক্তব্য তার প্রেক্ষিতে বক্তব্য জানতে চান।

জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য ওসাফাই সাক্ষ্য দেবেন বলে জানান।

নির্দোষ দাবি করা অন্য আসামিরা হলেন- প্রাক্তন দুই আইজিপি মো. আশরাফুল হুদা ও শহিদুল হক এবং প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম।

পরে বিচারক মঙ্গল ও বুধবার আত্মপক্ষ শুনানির পরবর্তী দিন ধার্য করেন বলে ট্রাইব্যুনালের সাঁটলিপিকার  অলিউল ইসলাম জানিয়েছেন।

এর আগে মামলাটিতে ২৪ আসামি অত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

গত ৫ জূলাই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক রেজ্জাকুল হায়দার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রাক্তন মহাপরিচালক আব্দুর রহিম এবং প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন।

গত ৩০ মে মামলাটিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পর আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছিলেন বিচারক।

মামলাটিতে সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৪ জন কারাগারে এবং খালেদার বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। স্ত্রী-মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন তারেক।

মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।