চিত্রকলায় সময়ের গল্প
মানুষ আর প্রকৃতির বিক্ষিপ্ত রূপ বা নাগরিক দিনযাপনের গল্প-কথা;অ্যাক্রেলিক, জলরঙ আর চারকোলের ক্যানভাসে ফুটে উঠল নিত্যদিনের চিরচেনা সব গল্প। কেউ আবার নানা শিল্পকর্মে হাজির করলেন সময়ের প্রেক্ষাপটকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীদের সংগঠন চারুকলা-৮৭’র দলীয় প্রদর্শনীতে এমনই সব চিত্রকর্ম।
বন্ধুত্বের ৩০ বছর উপলক্ষে রোববার বিকালে অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘জাম্প স্টার্ট অ্যাট থার্টি’ শিরোনামের এই প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন ৮৭-৮৮ ব্যাচের শিক্ষার্থীরা।
চিত্রশিল্পী রফিকুন নবী এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
তিনি বলেন, “জীবনের শত ব্যস্ততায় এই শিল্পীরা হারিয়ে যায়নি, থেমে থাকেনি তাদের শিল্পযাত্রা। বন্ধুর দল আবার এক হয়ে একটা এক্সিবিশন করছে। ছবিগুলো সত্যি দারুণ হয়েছে। তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
গ্যালারিতে ঠাঁই পেয়েছে শিল্পী এরহমানের আঁকা ‘কনফিউজড ফেইস’, ননী গোপাল হালদারের সিরিজ ছবি ‘হার্ট-১’, নাজিয়া শারমিনের ‘চিরচেনা রবি’, মো.মাসুদুর রহমানের সিরিজ ছবি ‘স্টোরি’।
টেরাকোটা, অ্যাক্রেলিক, অয়েল, চারকোল আর ইঙ্কে শিল্পীরা ক্যানভাসে এঁকেছেন জীবনের প্রতিচ্ছবি। কেউ ব্রতী হয়েছেন প্রিয় ব্যক্তিত্বের প্রতিকৃতি অঙ্কনে।
প্রকৃতির রূপ-রস অন্বেষণে ব্রতী হয়ে আদিব সাঈদ শিপু ওয়াটার কালারে এঁকেছেন সিরিজ ছবি ‘মি অ্যান্ড মাই নেচার’। জানালা দিয়ে দেখা গোধূলীবেলার ছবি আঁকতে গিয়ে অমল দাশ আশ্রয় নিয়েছেন ওডকাট প্রিন্ট মাধ্যমের।
জীবনচক্রের রূপবদলের গল্প উঠে আসে এস এম জায়েদুর রহমানের ‘প্রগ্রেশন অফ লাইফ’, এস এম সায়েদুজ্জামান সেলিমের ‘বেডে’, হারুন আল রাশিদের ‘রেস্টলেস’ ছবিতে।
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে দেবাশীষ পালের স্টোনওয়ার সিরামিক শিল্পকর্ম ‘জার্নি অন ফায়ার’, আমিনুল ইসলাম লিটুর ব্রাশে করা শিল্পকর্ম ‘পোয়াতি ভেনাস’, ঝুনু আক্তারের ব্রোঞ্জের শিল্পকর্ম ‘কম্পোজিশন’।
প্রদর্শনীটি ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
