আলোকচিত্রী আশিকের মুক্তি দাবিতে থানা ঘেরাওয়ের হুমকি
‘পকেটে ইয়াবা দিয়ে’ মামলায় ফাঁসানো আলোকচিত্র সাংবাদিক আশিক মোহাম্মদকে সোমবারের মধ্যে মুক্তি না দিলে পরদিন পল্টন থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছে সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতারা।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সামবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ এই হুমকি দেন।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি কর্মসূচি রয়েছে।
“এর আগে আশিককে মুক্তি না দিলে সেই কর্মসূচি থেকে পল্টন থানা ঘেরাও ছাড়াও আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।”
গত ২৭ জুন রাজধানীর শান্তিনগর থেকে আটকের পর কারাবন্দি ফটোসাংবাদিক আশিক ডেইলি অবজারভারে কর্মরত।
বেলা ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ থেকে শাবান মাহমুদ বলেন, “পুলিশের আইজিপি বলেছেন, এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, “আশিকের বাবা ফরহাদ হোসেনও ফটো সাংবাদিক ছিলেন। আমি তার বাবাকে চিনি-অনেক ভালো লোক, শান্ত মেজাজের, নিরীহ প্রকৃতির। সুতরাং তার ছেলে কেমন হবে আমাকে বলতে হবে না।”
পাশাপাশি দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলালের বিরুদ্ধে করা ৫৭ ধারার মামলাটি প্রত্যাহারের দাবি জানান বিএফইউজে মহাসচিব।
সংগঠনটির সাবেক মহাসচিব জলিল ভূঁইয়া বলেন, “পুলিশ সচরাচর যে কাজ করে আশিকের ক্ষেত্রেও তাই করেছে, অর্থাৎ আশিকের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মামলা দিয়েছে।
“আশিকের মটরসাইকেল ও মোবাইল ফোনের বিষয়টি মামলার জব্দ তালিকায় উঠানো হয়নি, তাতেই বুঝা যায়…।”
সমাবেশে অন্যদের মধ্যে ডিইউজে নেতা কুদ্দুস আফ্রাদ, ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মোরসালিন নোমান বক্তব্য রাখেন।
