২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপদেষ্টা মাজেদ আর নেই

বিচারপতি সাহাবুদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খ্যাতিমান ইএনটি সার্জন ডা. এম এ মাজেদ আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 12:56 AM

Updated : 19 Aug 2022, 05:02 PM

শনিবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

নাক, কান, গলার বিশেষজ্ঞ চিকিৎসক এম এ মাজেদ ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন ছিলেন। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ’র তিনবার সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠন।

পেশাজীবী নেতা হিসেবে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন অধ্যাপক মাজেদ। ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন প্রথম অস্থায়ী সরকারের স্বাস্থ্য ‍উপদেষ্টা ছিলেন তিনি।

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শোক প্রকাশ করেছেন।

এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও তার মৃত্যুকে শোক জানিয়েছেন।

বাদ আসর রাজধানীর গ্রিন রোড জামে মসজিদ এবং রাতে সিরাজগঞ্জের ‍উল্লাপাড়ায় জানাজা হওয়ার পর সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।