বিচারকদের চাকরিবিধি: দুই সপ্তাহের ‘শেষ সুযোগ’
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়ে আপিল বিভাগ বলেছে- এটাই ‘শেষ সুযোগ’।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আড়াই বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা ওই গেজেট প্রকাশ করে এদিন আদালতে উপস্থাপনের নির্দেশনা থাকলেও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবারও সময়ের আবেদন করেন।
শুনানির পর দুই সপ্তাহ সময় মঞ্জুর করে প্রধান বিচারপতি বলেন, “এটা শেষ সুযোগ।”
অবশ্য এর আগেও কয়েকবার সময় বাড়ানোর সময় সর্বোচ্চ আদালত অ্যাটর্নি জেনারেলকে হুঁশিয়ার করে বলেছিল, এরপর আর সময় বাড়ানো হবে না।
এর আগে গত মে মাসে আপিল বিভাগ তিন দফায় পাঁচ সপ্তাহ সময় দেয় রাষ্ট্রপক্ষকে।
বার বার সময়ের আবেদনে বিরক্তি প্রকাশ করে বিচারপতি ওয়াহাব মিঞা ১৫ মের শুনানিতে বলেন, “প্রধান বিচারপতি অবসরে যাবেন জানুয়ারিতে, বিচারপতি নাজমুল আরা সুলতানা যাবেন তার আগে। পরে কোনো এক সময় আমি যাব। তখন আপনারা গেজেট প্রকাশ করে আনবেন। যেসব বিচারপতিরা তখন থাকবেন তারা দেখবেন। আই ফিল ভেরি অ্যাশেমড।”
তার আগে গত ৮ মের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন- সুপ্রিম কোর্ট থেকে একটি ফাইল বঙ্গভবন ও গণভবনে যেতে কতদিন সময় লাগে?
ঘটনাক্রম
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
সরকারের খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে গত ২৮ আগাস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ।
এরপর ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেইসঙ্গে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয় আইন মন্ত্রণালয়কে।
এরপর দফায় দফায় সময় দেওয়া হলেও সরকার মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় গত ৮ ডিসেম্বর দুই সচিবকে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুই সচিবের হাজিরার আগে ১১ ডিসেম্বর সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি ‘সিদ্ধান্ত’ দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক পরদিন আদালতের তলবে হাজির হলে প্রধান বিচারপতি বলেন, বিধিমালা নিয়ে “রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।”
সেদিন শুনানি করে গেজেট প্রকাশের নির্দেশনা বাস্তবায়নের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আপিল বিভাগ। এরপর আরও এগার দফায় সাড়ে সাত মাস সময় পেয়েছে সরকার।
