২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: বিসিকের দুই প্রকৌশলী গ্রেপ্তার

ভুয়া পুকুর দেখিয়ে মাটি ভরাটের নামে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পুরকৌশল বিভাগের দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2017, 05:39 PM

Updated : 19 Aug 2022, 04:55 PM

মঙ্গলবার দুপুর তিনটার দিকে রাজধানীর মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন বিসিক প্রধান কার্যালয়ে পুরকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম খান ও সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন।

মামলায় অভিযোগের বিষয়ে প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝালকাঠি বিসিক শিল্প নগরী প্রকল্পের জন্য ১১ দশমিক শূণ্য ৮ একর জমি অধিগ্রহণ করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ভূমির উন্নয়নের নামে ভুয়া চারটি পুকুর দেখিয়ে এগুলোতে মাটি ভরাটের নামে একটি প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন।”

তারা ২০১৫ সালের ২৪ জুন থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করেন বলে প্রণব জানান।

এই অভিযোগে সোমবার ঝালকাঠির নলছিটি থানায় দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল আমীন মামলা করেন।

ওই মামলায় দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আহমার উজ্জামানের নেতৃত্বে একটি দল আসামিদের গ্রেপ্তার করে।