সাব্বির হত্যা: ঘুষের মামলায় শুনানি ৯ জুলাই
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার দুই ছেলে হাজির না হওয়ায় গ্রুপের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকার ঘুষ গ্রহণের মামলার শুনানি পিছিয়ে গেছে।
মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনে সাড়া দিয়ে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এক এম ইমরুল কায়েস আগামী ৯ জুলাই শুনানির দিন ঠিক করে দেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম শারীরিক অসুস্থতার কারণে এবং তার দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।
এজন্য তাদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী এনামুল সরদার। অপর আসামিদের পক্ষেও সময়ের আবেদন করা হয়।
এ আদালতের পেশকার আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে তিনবার সময় আবেদনের কারণে শুনানি পিছিয়ে গেল।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাব, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপু, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামাল।
২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৮ সালের ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুন হওয়ার পর আসামি সাফিয়াত সোবহান লন্ডনে পালিয়ে যান এবং তার বাবা আকবর সোবহান ছেলেকে বাঁচাতে নানামুখি তদবির শুরু করেন। এ কারণে মামলার তদন্তে স্থবিরতা দেখা দেয়।
এরপর তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর আসামিকে বাঁচানোর জন্য ৫০ কোটি টাকা ঘুষের রফা করে নিজে ৫ কোটি এবং সলিমুল হক কামালের সহায়তায় আরো ১৫ কোটি টাকাসহ ২০ কোটি টাকা ঘুষ নেন। আরেক আসামি তারেক রহমান ১ কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
