সাব্বির হত্যা: ঘুষের মামলায় শুনানি ফের পিছিয়েছে
তিন আসামি হাজির না হওয়ায় বসুন্ধরা গ্রুপের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকার ঘুষ সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে গেছে।
মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আসামিপক্ষের সময় আবেদন শুনে আগামী ২০ জুন নতুন দিন রাখেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি, ১২ মার্চ এবং ১৬ এপ্রিল এ মামলার শুনানির তারিখ পিছিয়ে যায়।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানান, মামলার আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এছাড়া তার দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান দেশের বাইরে থাকায় তারাও হাজির হননি।
এজন্য তাদের পক্ষে আইনজীবী এনামুল সরদার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানির সময় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপু, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামাল।
২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৮ সালের ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুন হওয়ার পর আসামি সাফিয়াত সোবহান লন্ডনে পালিয়ে যান এবং তার বাবা আকবর সোবহান ছেলেকে বাঁচাতে নানামুখি তদবির শুরু করেন। এ কারণে মামলার তদন্তে স্থবিরতা দেখা দেয়।
এরপর তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর আসামিকে বাঁচানোর জন্য ৫০ কোটি টাকা ঘুষের রফা করে নিজে ৫ কোটি এবং সলিমুল হক কামালের সহায়তায় আরো ১৫ কোটি টাকাসহ ২০ কোটি টাকা ঘুষ নেন। আরেক আসামি তারেক রহমান ১ কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
