২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ ধারার মামলায় আফসান চৌধুরীর আগাম জামিন 

তথ্য প্রযুক্তি আইনে সাবেক সেনা কর্মকর্তার দায়ের করা মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কলামনিস্ট-শিক্ষক আফসান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের অবকাশকালীন বেঞ্চ তার পক্ষে জামিনের আবেদন শুনে এই আদেশ দেয়।

আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম. আসাদুজ্জামান; রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

পরে মনিরুজ্জামান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চার সপ্তাহের মধ্যে আফসান চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাই কোর্ট।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গত ৮ জুন গুলশান থানায় আফসান চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করেন।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এ মামলায় ফেইসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির (টাস্কফোর্স)’ প্রধান সমন্বয়ক ছিলেন তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাকে তাকে পদোন্নতি দিয়ে কূটনৈতিক দায়িত্ব দেওয়া হয়। ছয় বছরের বেশি সময় অস্ট্রেলিয়ায় হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে অবসরে যান তিনি।

পরে দেশে ফিরে যৌথ বিনিয়োগে ঢাকার তেজগাঁও লিংক রোডে পিকাসো রোস্তোরাঁ খোলেন সাবেক এই সেনা কর্মকর্তা।

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলার অন্যতম আসামি সাদমান সাকিফের বাবা মোহাম্মদ হোসেন জনিও এই অন্যতম মালিক।

পুরনো খবর:

আফসান চৌধুরীর মামলায় তদন্ত প্রতিবেদনের দিন ধার্য  
আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা জেনারেল মাসুদের