২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ অপেক্ষায় বাড়তি দামের অগ্রিম টিকেট

ঈদ সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের বাসে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে; কাউন্টারে দীর্ঘ অপেক্ষার পর টিকেট হাতে পেলেও চাহিদার বিপরীতে টিকেটের সংখ্যা কম বলে বাড়তি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 03:34 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

অন্যদিকে ‘কিছুটা’ বাড়তি ভাড়া নেওয়ার কথা স্বীকার করে পরিবহন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রার পর ফিরতি পথে যাত্রী ‘কম থাকায়’ ব্যবসার স্বার্থে তাদের বেশি দাম নিতে হচ্ছে।

সোমবার সকাল ৬টা থেকে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।

২৩ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় আগের দিন বৃহস্পতিবারের টিকেটের চাহিদা বেশি বলে জানিয়েছেন কাউন্টার ব্যবস্থাপকরা।

বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির মধ্যেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাস টিকেটের জন্য মানুষের ছিল দীর্ঘ লাইন। তবে দক্ষিণবঙ্গমুখী কাউন্টারে সেই চিত্র ছিল অনেকটা ভিন্ন।

কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে সকাল সাড়ে ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে সাড়ে ১১টায় বগুড়ার দুটি টিকেট হাতে পান মঈনুল হাসান আশিক।

অন্য সময়ে ৩৫০ টাকার বিপরীতে বাড়তি দামে ৪৭০ টাকা নেওয়ার অভিযোগ করেন বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই শিক্ষার্থী।

আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক অপেক্ষা করে ২২ তারিখ বিকেলের দুটা টিকেট নিয়েছি। ঈদের সময় দাম একটু বাড়তি। কিছুতো করার নাই।”

একই কাউন্টারে সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে জয়পুরহাটের অগ্রিম টিকেট কেনেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সুমন আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে আসায় টিকেটটা পেয়েছি। কিন্তু সেটা ২১ তারিখ সকালের ট্রিপের। কিন্তু আমাদের সময় পরিবর্তন হয়েছে বিকালে যাওয়ার। এ কারণে বিকালের টিকেট পাই কি-না দেখতে আবার লাইনে দাঁড়িয়েছি।

যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের রাজশাহী গামী কাউন্টারের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, যাত্রীরা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছে, সেটা ঠিক; আর টিকেট হাতে রেখে দেওয়ার কথাও তারা বলে।

“আমরাও কিছু বেশি দাম নিচ্ছি। অন্য সময়ে আসা-যাওয়ার ট্রিপে যাত্রী পূর্ণ থাকায় বিআরটিএর বেঁধে দেওয়া দাম থেকে কিছুটা কম নিতে পারি। ফিরতি পথের কথা চিন্তা করে এখন কম নেওয়া সম্ভব না।”

প্রথম দিন বেলা ১১টার দিকে ২২ তারিখের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জগামী সব অগ্রিম টিকেট শেষ হয়ে গেছে বলে জানান জাকির।

পাঁচটি কাউন্টারে ভাগাভাগি করে অগ্রিম টিকেট দেওয়ায় শ্যামলী পরিবহনে যাত্রীদের ভিড় ছিল অন্যদের তুলনায় কিছুটা কম।

তবে একই স্থান থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর টিকেট দেওয়ায় হানিফ এন্টারপ্রাইজ গাবতলী বালুর মাঠ এলাকার কাউন্টারে ছিল উপচেপড়া ভিড়; এসআর ট্রাভেলসের গাবতলী কাউন্টারেও যাত্রীদের ভিড় ছিল অনেক।

হানিফ পরিবহনের কাউন্টারে সকাল ৮টা থেকে লাইনে দাঁড়ানোর চার ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের টিকেট হাতে পান ক্রিসেন্ট কোম্পানির কর্মীর আবু কামরুজ্জামান।

অন্য সময়ে ৬০০ টাকার বিপরীতে সাড়ে ৮০০ টাকা নিলেও ‘টিকেটতো পেয়েছি’ বলে স্বান্তনা খোঁজেন তিনি।

“সকাল ৮টায় এসে লাইন ধরছি, ১২টায় টিকেট পেলাম। ঈদের সময়তো, তাই ভাড়া বেশিই নিয়েছে। আর কিছুক্ষণ সময় গেলেতো টিকেটও পেতাম না হয়ত।”

হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একেকটা রুটে ৪/৫টা গাড়ি, আর যাত্রীর সংখ্যা দেড়-দুই হাজার। এত টিকেটের ব্যবস্থাতো আমরা করতে পারব না।”

তিনি বলেন, হানিফের অধিকাংশ রুটে ২২ তারিখের ‘টিকেট নেই বললেই চলে’। তার মধ্যে ২২ তারিখ বিকেলের টিকেট চাচ্ছেন অনেক যাত্রী।

বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিআরটিএ’র ‘নির্ধারিত ভাড়া’ তারা নিচ্ছেন বলে দাবি করেন মোশারেরফ।

তিনি বলেন, “যেমন ধরেন, বগুড়ায় বিআরটিএর ভাড়া ৫২০ টাকা, সেখানে অন্য সময়ে আমরা নিই ৪৫০ টাকা। ডাবল ট্রিপে যাত্রী পূর্ণ থাকায় সেটা নিতে পারি। কিন্তু ঈদের সময়ে ফিরতি ট্রিপে যাত্রী অল্প কয়েকজন থাকায় সেখানে কম নেওয়া সম্ভব হয় না।”

এস আর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক টি আর প্লাবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা গাবতলীর একটি কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছেন। কাউন্টার থেকে ২১ থেকে ২৫ জুন তারিখের টিকেট বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি সহজ ডটকম থেকে অনলাইনেও অগ্রিম টিকেট কাটা যাচ্ছে।

দক্ষিণাঞ্চলমুখী কাউন্টারে ভিন্ন চিত্র

উত্তরাঞ্চলের অগ্রিম টিকেটের জন্য যাত্রীদের ভিড় দেখা গেলেও দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের জেলামুখী কাউন্টারগুলোতে সেই চিত্র ছিল অনেকটা ভিন্ন।

গাবতলীয় বাস টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের অগ্রিম টিকেট দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে কাউন্টার ব্যবস্থাপকদের।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার চৌধুরী আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এজন্য হয়ত কম। আবার অফিস টাইমও। দেখা যাক, বিকেলের দিকে কেমন বাড়ে।”

আবার এ জেলাগুলোতে অগ্রিম টিকেটের চাহিদা উত্তরাঞ্চলের তুলনায় কম বলেও জানান তিনি।