আঁটিবাজারের কমিউনিটি সেন্টার থেকে গ্রেপ্তার ৬ জনের জামিন
ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজারের একটি কমিউনিটি সেন্টার থেকে গ্রেপ্তার ২৮ তরুণ-যুবকের মধ্যে ছয়জন জামিন পেয়েছেন।
গত ১৯ মে সমকামিতার অভিযোগে আটকের পর র্যাব এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়েছিল।
এই ২৮ জনের মধ্যে একজনকে শিশু হিসেবে বিবেচনা করে গত ২৫ মে জামিন দিয়েছিলেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. হাফিজুর রহমান।
সোমবার ছয়জনকে জামিনের আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ কুদ্দুস জামান।
আদালতের পেশকার নারায়ণ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এই ছয়জনের কাছে মাদক পাওয়া যায়নি, আর মামলার এজাহারেও সমকামিতার উল্লেখ নেই। এসব বিবেচনা করেছেন বিচারক।”
বাংলাদেশে সমকামীরা নানা হুমকির মধ্যে রয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের মধ্যে আঁটিবাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে ওই ২৮ জনকে আটক করে র্যাব-১০ এর একটি দল।
তখন র্যাব বলেছিল, এলাকাবাসীর কাছ থেকে সমকামিতার অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালায় তারা।
গ্রেপ্তারদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে, এদের বেশিরভাগই শিক্ষার্থী।
পরদিন পুলিশ তাদের যখন ঢাকার আদালতে নিয়ে গিয়েছিল; তখন দেখা যায়, তাদের বিরুদ্ধে মাদক আ্ইনে মামলা হয়েছে।
এই ২৮ জনকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন তাদের মুক্তির দাবি জানায়।
