২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ক্ষমতা ‘অনেক’, ‘অভাব’ সক্ষমতার

আইনে দুর্নীতি দমন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হলেও তার পরিপূর্ণ প্রয়োগ না ঘটার জন্য সক্ষমতার অভাবকে দায়ী করেছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 06:00 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

তিনি বলেছেন, “দুদকের হাত অনেক লম্বা। কিন্তু আমাদের সক্ষমতার অভাব, জনবলের অভাব।”

সোমবার রাজধানীর সেগুন বাগিচায় কমিশন কার্যালয়ে পারস্পরিক সহযোগিতা বিনিময়ে টিআইবির সঙ্গে দুদকের সমঝোতা স্মারক স্বাক্ষরের এক অনুষ্ঠানে একথা বলেন ইকবাল মাহমুদ।

বর্তমান আওয়ামী লীগ সরকার দুদক আইন সংশোধনের পর তাতে অসন্তুষ্ট হয়ে দুদকের তৎকালীন চেয়ারম্যান গোলাম রহমান বিদায় বেলায়ও বলে গিয়েছিলেন, দুদক একটি ‘টুথলেস টাইগার’।

তার বিদায়ের পর দুদকের দায়িত্ব নিয়ে সাবেক আমলা ইকবাল মাহমুদ নানা তৎপরতা চালাচ্ছেন দুর্নীতি বিরোধী সংস্থাটিকে কার্যকর করতে।

তিনি বলেন, “যারা বলে দুদকের ক্ষমতা নেই, কথাটা মোটেও সঠিক না। যতই আইনই থাকুক না কেন, যে কাউকে দুদক প্রশ্ন রাখতে পারে। আমাদের ক্যাপাসিটি নেই, সেটাই হচ্ছে সমস্যা। সক্ষমতা একেবারেই যে নেই, তা নয়; কাঙ্ক্ষিত মাত্রায় নেই।

“এটি লুকানোর কিছু নেই। কারণ সত্যকে সত্য বলাটাই ভালো। আমাদের সক্ষমতার অভাব আছে, মামলার তদন্তে দুর্বলতা আছে। এই দুর্বলতা কাটানোর জন্য আমরা চেষ্টা করছি।”

সক্ষমতা অর্জনে জনবল বাড়াতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রায় দ্বিগুণ জনবল চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, হয়ত তা মঞ্জুরও হবে।”

দক্ষ জনবলের অভাবের কথা তুলে ধরে ইকবাল মাহমুদ বলেন, ১৬ কোটি মানুষের দেশে ‘কোয়ালিটি’ মানুষের অভাব রয়েছে।

“খুব স্টাডি করে একটি মামলা তৈরি করার মতো ক্যাপাসিটি আছে, সেটা আমি বলব না। আমরা চেষ্টা করছি আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছি। তবে প্রশিক্ষণ নেওয়ারও সক্ষমতা থাকতে হবে।”

বেকারত্ব নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “বেকার কেন, সে বিষয়ে আমরা কেউ প্রশ্ন করছি না। সক্ষম কোনো লোক বেকার আছে বলে আমার মনে হয় না।”

অর্থ পাচার প্রতিরোধে দুদকের কাজ করার ক্ষেত্রে কৌশলী ভূমিকার কথাও বলেন তিনি। 

জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে সহযোগিতা বিনিময়ে কয়েকটি সমঝোতা স্মারকে সই করেছে দুদক।

অনুষ্ঠানে দুদকের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. শামসুল আরেফিন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সই করেন।

দুর্নীতি প্রতিরোধে ২০১৭ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত গণশুনানি নিয়ে গবেষণা ও ফলাফল প্রকাশ, দুর্নীতি ও ঘুষবিরোধী যৌথ প্রচারণা, বছরে অন্তত ছয়টি গণশুনানি ও ফলো-আপ গণশুনানি, যৌথভাবে সততা স্টোর স্থাপন, টিআইবির কাছে আসা অভিযোগ দুদকের প্রেরণ, সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ ১৫টি বিষয়ে তাদের সমঝোতা স্মারক সই হয়।