ধানমন্ডিতে অদ্ভুত নামের যত ইফতার
‘কচমচ’, ‘আলুগোল্লা’, ‘চিংড়িগোল্লা’, ‘ভুত মুরগি’- অদ্ভুত ঠেকলেও এসব ইফতার সামগ্রীর নাম। এবার রোজায় এমন সব বিচিত্র নামের ইফতার বিক্রি করছে ধানমন্ডির ‘উল্টাভূত’ নামের একটি রেস্তোরাঁ।
বুধবার দেখা গেল বাগানের মতো জায়গাটিকে ইফতার বিক্রির জন্য ঠিক করে নিয়ে রেস্তোরাঁটি।
রেস্তোরাঁর কর্মকর্তা জাকির হোসেন বলেন, “আমরা আইটেমগুলোর নামে বৈচিত্র রাখতে চেষ্টা করি, কারণ এতে ক্রেতারা আগ্রহ পান। ক্রেতারা আমাদের দইবড়াটা বেশি পছন্দ করেন। এছাড়া বাচ্চা জিলাপিও জনপ্রিয়।”
উল্টাভূতে দইবড়া মিলবে ৮০ টাকা (প্রতি পিস) ও বাচ্চা জিলাপি ৪৮০ টাকা প্রতি কেজি দামে। এছাড়া ৬০-৬৫০ টাকার মধ্যে নানা পদের ইফতার মিলবে।
এবার জিগাতলা হয়ে শংকর যেতে সাত মসজিদ রোডের দুই পাশে রেস্তোরাঁগুলো ফুটপাতেই তাদের ইফতারের আয়োজন নিয়ে বসেছে।
রোজার সময় ছাড়াই মুখরোচক খাবারের জন্য ধানমন্ডির স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নামডাক।রোজার সময় তাদের ইফতারও থাকে ক্রেতাদের চাহিদার তালিকায় উপরের দিকে।
এবার রোজায় কাবাবের সঙ্গে বাহারি পদের পরোটা এনেছে তারা। চিকেন চিজ পরোটা, স্পেশাল বাটার নান, স্পেশাল পরোটা নজর কাড়ছে ক্রেতাদের।
স্টারের ফ্লোর ম্যানেজার হুমায়ূন কবীর জানালেন, এবছর শখানেক পদের ইফতার বিক্রি করছেন তারা।
এই রেস্তোরাঁয় প্যাকেজ ইফতার মিলবে ১৮০-২৬৫ টাকার মধ্যে। মূল্যভেদে এসব প্যাকেজে থাকছে চিকেন গ্রিল, চিকেন সাসলিক, চিকেন উইংস, চিকেন কাটলেট, চিকেন বল ও চিকেন রোল। আকারভেদে বাটিপ্রতি হালিম মিলবে ৩৫০-১০০০ টাকায়। এছাড়া ১২০-৩৫০ টাকার মধ্যে কাবাব ও রেজালার নানা পদ মিলছে স্টারে।
জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে ইফতার বিক্রি করছে বাবুর্চি রেস্টুরেন্ট। হায়দ্রাবাদি দম বিরিয়ানি, বিফ তেহারি, খাসির লেগ রোস্ট, চিকেন আস্ত রোস্ট, শাসলিক, বিফ ভুনা, আলু পরোটা ইত্যাদি শাহি স্বাদের ইফতার তাদের বিশেষত্ব।
বাংলা খাবার বা কাবাব পরোটার জন্য লাইলাতি রেস্টুরেন্ট পরিচিত হলেও তাদের বিশেষ ইফতারের কদর রয়েছে।
২৫-১২০ টাকায় ভালো ইফতার মিলছে এখানে। এছাড়া ১৭০-২২০ টাকায় ইফতার প্যাকেজ দিচ্ছে লাইলাতি।
এর ব্যবস্থাপক সঞ্জুরুল আলম ভূঁইঞা বলেন, “আস্তে আস্তে ক্রেতা বাড়ছে। আমাদের সব আইটেমই জনপ্রিয়। অল্প কিছু পদ রাখি আমরা, তাড়াতাড়ি শেষ হয়ে যায়।”
সাড়ে তিনশ টাকায় অনায়াসে দু’জন পেটপুজো করতে সক্ষম এই ম্যাক্সিকান খাবার। রোজাদার ও ভোজনরসিকদের জিভে জল আনবে এমনটাই মনে করেন ‘কড়াই গোশতের’ কর্মকর্তা সাচ্চু মিয়া।
এছাড়াও প্রতিষ্ঠনটি রোজা উপলক্ষে আস্ত মাটন লেগ রোস্ট, কাবাব রোল, চিকেন কাবাব, চিকেন গ্রিল, দইবড়া ও বিভিন্ন চায়নিজ আইটেম নিয়ে বসেছে।
ভারতীয় খাবারের রেস্তোরাঁ ‘হান্ডিতে’ মিলছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও কাবাব।
