২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাড্ডায় গৃহবধূ খুন

রাজধানীর বাড্ডায় তাহমিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধু খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 07:31 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

শনিবার ভোরে স্বামী শাহ আলম মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

শাহ আলম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।

বাড্ডা থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খবর পেয়ে তাহমিনার লাশ উদ্ধার এবং তার স্বামী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

মধ্য বাড্ডার ৬/১২ নম্বর বাসায় স্বামী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন তাহমিনা।

ওসি জলিল বলেন, “রাস্তার পাশে কাপড় সেলাইয়ের কাজ করতো শাহ আলম। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ছোট শ্যালিকা তাহমিনাকে বিয়ে করেন তিনি।”

তাহমিনা আশপাশের বিভিন্ন বাসায় আরবি বিষয়ে গৃহশিক্ষকতা করতেন বলে জানান ওসি জলিল।

তিনি জানান, শাহ আলমের প্রথম স্ত্রীর ঘরের একমাত্র মেয়ে স্বামীর সংসারে থাকেন। তাহমিনার দুই ছেলের মধ্যে একজন অষ্টম শ্রেণিতে এবং অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়েন।

শাহ আলম গত তিন বছর ধরে মানসিক রোগে ভুগছেন বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জলিল বলেন, গ্রেপ্তারের পর সে তার স্ত্রীকে ইট দিয়ে আঘাত করার কথা মনে করতে পারছে না।

“এমনকি তাদের পরিবারের মধ্যে কোনো বিরোধ ছিল এমনটাও আশপাশের কেউ কিছু বলেননি।”

তাহমিনার বড় ভাই মো. সালাউদ্দিনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একই ধরনের কথা বলেন।

“তাদের সুখের সংসার ছিল। কোনো সমস্যার কথা কখনো শুনিনি। কেন মারল, তা আমরাও বুঝতে পারছি না।”