ইউরোপীয় এমপিদের বাংলাদেশ নিয়ে জানালেন আইনমন্ত্রী
বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি একদল ইউরোপীয় সাংসদের সামনে তুলে ধরেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তারা বাল্য বিবাহ প্রতিরোধ আইনসহ নতুন প্রণীত আইনগুলোর বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ভূল তথ্যের কারণে ইউরোপীয় এমপিদের মধ্যে সম্ভাব্য ভুল ধারণা তারা দূর করার চেষ্টা করেছেন।’
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন।
ইউরোপীয় সংসদীয় কমিটির আমন্ত্রণে একটি বৈঠকে গিয়ে মন্ত্রিপরিষদের এই দুই সদস্য বাংলাদেশে গত কয়েক বছরের উন্নয়ন উদ্যোগ ও অর্জনের বিষয়ে তাদের জানান।
আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের পাশাপাশি বিতর্কিত ‘বাল্য বিবাহ নিরোধ আইনের (সংশোধন) যৌক্তিকতা এবং সমাজে এর ইতিবাচক প্রভাব পড়ার’ কথা তুলে ধরেন তারা।
প্রস্তাবিত ‘ইপিজেড লেবার ল’ সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের অবহিত করেন আইনমন্ত্রী। খসড়া আইনের উপর ভিত্তি করে আরও আলোচনা হবে বলে তাদেরকে জানান।
নাগরিক অধিকার, দায়িত্ব ও মর্যাদাসহ মিয়ানমারের রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য ইউরোপীয় পার্লামেন্টকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
এর আগে আইনমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে কর্মসংস্থান বিষয়ক ইউরোপীয় কমিশনার ম্যারিয়ান থাইসেনের সঙ্গে বৈঠক করেন।
পরে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইউরোপীয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের আয়োজনে একটি সেমিনারে অংশ নেন তারা।
