২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিয়ে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম সাক্কুর

কুমিল্লার মেয়র হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করলেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 05:07 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ নিলেন সাক্কু

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের পর স্বামীকে অনুসরণ করে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনও।

দলীয় প্রতীকে অনুষ্ঠিত এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করে নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাক্কু।

ভোটে বিজয়ী এই মেয়রকে বৃহস্পতিবার শপথ পড়ান সরকার প্রধান শেখ হাসিনা।

শপথ নেওয়ার পরপরই পা ছুঁয়ে সালাম করলে সাক্কুর মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী।

শপথ পাঠের পর আনুষ্ঠানিকতা যখন শেষ করছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, তখন প্রধানমন্ত্রী তার সোফায় বসেছিলেন।

ঠিক তখনই একটু দূরে বসে থাকা আফরোজা জেসমিন উঠে গিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

Image
স্বামীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কদমবুসি করছেন মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন

স্বামীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কদমবুসি করছেন মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের সঙ্গে কুমিল্লার সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়াও ছিলেন।

বিএনপি থেকে নির্বাচিত মেয়রদের অধিকাংশই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারছেন না। নাশকতার মামলায় কারাবন্দি হওয়ার পর বরখাস্তও করা হয়েছে কয়েকজনকে।

তবে ব্যতিক্রম হিসেবে গত মেয়াদ নির্বিঘ্নে দায়িত্ব পালনের পর সাক্কু এবার ভোটে জয়ের পরপরই একটি মামলার মুখে পড়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিয়ে তিনি শপথ নিতে গেলেন।