২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণমুক্তের চেয়ে দূষিত হওয়ার প্রক্রিয়া দ্রুত হচ্ছে: নৌমন্ত্রী

বর্তমানে নদী দূষণমুক্ত করার প্রক্রিয়ার চেয়ে দূষণ প্রক্রিয়া দ্রুত হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 08:57 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

রোববার সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের এক নোটিসের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “দুর্ভাগ্য, মানুষ সব নদী দূষিত করে ফেলছে।... বুড়িগঙ্গা আজ দুর্গন্ধ ছড়াচ্ছে।”

সংসদে নোটিসটি দেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

মন্ত্রী যুক্তরাজ্য এবং কোরিয়ার বিভিন্ন নদী দূষণমুক্ত করার প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, সেসব দেশে  নদী দূষণমুক্ত করতে ৮০ বছরের বেশি সময় লাগলেও বাংলাদেশের বুড়িগঙ্গাসহ  অন্য নদীগুলোকে আগামী ২০ বছরের মধ্যে দূষণমুক্ত করা সম্ভব।

নোটিসে নজরুল ইসলাম বাবু বলেন, “বিশ্বব্যাংক এর মধ্যেই বুড়িগঙ্গা নদীকে ‘মৃত নদী’ হিসেবে ঘোষণা দিয়েছে। ঢাকা ঘিরে থাকা চার নদী শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার ১১০ কিলোমিটার এলাকা জুড়ে এখন শুধুই দুর্বিষহ দূষণ, যেন পানির চেয়ে শিল্প বর্জ্যই বেশি। মাত্রাতিরিক্ত দূষণে সদরঘাটে বুড়িগঙ্গার পানি কুচকুচে কালো, হাজারীবাগে রক্তের মতো লাল, তুরাগের পানি কোথাও কালো, কোথাও গাঢ় নীল।”

এসব বিষয়ে মন্ত্রী শাজাহান খান বলেন, “বর্তমানে নদী দূষণমুক্ত করার প্রক্রিয়ার চেয়ে নদী দূষণ প্রক্রিয়া দ্রুত হচ্ছে। দুর্ভাগ্য, মানুষ সব নদী দূষিত করে ফেলছে। শুধু রাজধানী না, চট্টগ্রামসহ সব জায়গার একই অবস্থা।

“নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি পরিকল্পনা করছে। দূষণ প্রতিরোধ কিভাবে হবে তা নিয়ে আরেকটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিবেদন দিলে সে অনুযায়ী কাজ শুরু করা হবে। এ ছাড়া উজান থেকে পানি আনার ব্যবস্থা করা হচ্ছে।”

ভোলার সংসদ সদস্য আলী আজমের আরেক নোটিসের জবাবে মন্ত্রী বলেন, “বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে গত বছর নৌ-পরিবহন দুর্ঘটনার হার শূণ্যের কোঠায় নেমে এসেছে।”