২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অ্যামনেস্টি: জয়

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের পিছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলে সন্দেহ করছেন প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 10:39 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি ‘অপরাধীদের পক্ষে’ প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার রাতে এক ফেইসবুক স্ট্যাটাসে জয় লেখেন, “আমি সন্দেহ করছি যে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিছু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা ক্ষমতায় একটি পুতুল সরকার আনতে চায়, আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়।”

বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসের আগে দিন মঙ্গলবার বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, স্বাধীন মত প্রকাশের সুরক্ষা দিতে ব্যর্থতার পাশাপাশি সরকার বাক স্বাধীনতা খর্ব করতে খড়গহস্ত। ভিন্ন মত দমনে সব কিছুই করছে সরকার।

এই বক্তব্যের জন্য অ্যামনেস্টির বিরুদ্ধে ‘শক্ত প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয়।

তিনি লিখেছেন, “তারা (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল) বলে যে, নাগরিক হিসাবে আমাদের নাকি নিজের সম্মান রক্ষার্থেও সিভিল কোর্টে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার অধিকার নেই।”

প্রতিবেদনে সাংবাদিক হয়রানির উদাহরণ হিসেবে শফিক রেহমান ও মাহফুজ আনামের কথা উল্লেখ করার বিষয় তুলে ধরে জয় লিখেছেন, “শফিক রেহমান একজন সাবেক মার্কিন এফবিআই এজেন্টের সাথে দেখা করে এবং আমার সম্পর্কে তথ্যের জন্য তাকে ঘুষ প্রদান করে।

“শফিক রেহমান যদি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন, তাহলে তিনিও এখন জেলেই থাকতেন।”

মাহফুজ আনাম সম্পর্কে জয় লিখেছেন,“একটি অবৈধ সামরিক সরকার আমাদের দেশে যেন ক্ষমতায় আসতে পারে সেজন্য তিনি আমার মা’র বিরুদ্ধে নগ্ন প্রচারণা চালিয়েছিলেন। তবুও আমাদের সরকার তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো বিবৃতি দেয়নি বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়।