‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ পেলেন চারজন
কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা বজলুর রহমানের নামাঙ্কিত ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ দেওয়া হয়েছে চার বিশিষ্টজনকে।
পদক পেয়েছেন সাংবাদিক তোয়াব খান, চিত্রশিল্পী আবুল বারক্ আলভী, প্রাবন্ধিক মফিদুল হক ও অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
মঙ্গলবার কেন্দ্রীয় খেলাঘর আসরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার।
শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লা খানসহ অনেকে।
চিত্রশিল্পী আবুল বারক আলভী বলেন, “এই পদক আমার জীবন চলার পথে দায়িত্ব অনেক গুণে বাড়িয়ে দিল।”
মফিদুল হক বলেন, “খেলাঘরের সঙ্গে সম্পর্কের পরম্পরার ধারবাহিকতায় এই পুরস্কারটি পেয়ে আমার মনে হচ্ছে, জীবনচক্র যেন আজ পূর্ণ হলো। সমাজের এই দুঃসময়ে খেলাঘর একটি প্রেরণার উৎস হয়ে কাজ করতে পারে।”
নিরঞ্জন অধিকারী বলেন, “পদক আর সম্মাননা পাওয়ার জন্য কাজ করছি না। দেশকে ভালোবেসে, দেশমাতৃকার জন্য যে কাজটি করছি এ পদক সেই দায়িত্ব আরও বহুগুণে বাড়িয়ে দিলো।”
আয়োজনের শুরুতেই ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন। এরপর খেলাঘর সঙ্গীত ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক’, ‘ধন ধান্য পুষ্পভরা’ গানের পরিবেশনা চলে। খেলাঘরের শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
