ঢাকায় ৩টি গ্রেনেড উদ্ধার
রাজধানীর বাড্ডা থানা এলাকায় মাটি ভরাটের কাজ করার সময় তিনটি গ্রেনেড পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় আফতাব নগরের কাছে ত্রিমোহনী নামে ওই এলাকায় গ্রেনেডের সঙ্গে দেড় শতাধিক রাউন্ড গুলিও পাওয়া গেছে বলে বাড্ডা থানার ওসি এম এ জলিল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবাসিক ভবন নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলছিল। এজন্য বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে মাটি এনে এখানে ফেলা হচ্ছে। আজ সেখানে শ্রমিকরা মাটি সমান করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড ও গুলি পায়। পরে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে আনে।”
তিনি জানান, গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের এবং এগুলো জংধরা। গ্রেনেডগুলো ছোট।
“এগুলো সচল কি না, তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা ছাড়া বলা যাবে না,” বলেন পুলিশ কর্মকর্তা জলিল।
