শাহজালালে মালামাল ব্যবস্থাপনায় অগ্রগতির জন্য আল্টিমেটাম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালামাল ব্যবস্থাপনায় ১৫ দিনের মধ্যে ‘দৃশ্যমান অগ্রগতি’ আনার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ঘুরে দেখার পর মন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১৩ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক বৈঠকে তিন দিনের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ছড়িয়ে থাকা মালামাল কার্গো কমপ্লেক্সের পেলেটে সাজিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।ওই নির্দেশের অগ্রগতি দেখতে এদিন মন্ত্রী কার্গো কমপ্লেক্সে আসেন।নতুন বেঁধে দেওয়া সময়ের শেষ দিন মন্ত্রী আবার কার্গো কমপ্লেক্স পরিদর্শনে আসবেন।
বৈঠকে বলা হয়, বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০ টন পণ্য আসে।এই বিপুল পরিমাণ পণ্য বিতরণের কাজ সহজ করতে নতুন কিছু ফর্কলিফট সংগ্রহ এবং এর চালক নিয়োগের কথা জানান কর্মকর্তারা।
অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বৈঠকে অংশ নেন।
