ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে উপায় খুঁজছে সরকার
অতিরিক্ত ব্যবহারে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তর ওঠার উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের একাংশের সঙ্গে প্রাক-বাজেট বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
মুহিত বলেন, “আমাদের ডিপ টিউবওয়েল যে পানি উঠায়, দেশের সর্বত্র এটা কমে যাচ্ছে। এটা রিচার্জ করতে হবে।”
ভূগর্ভস্থ পানি ধরে রাখার জরুরি বিষয়টি নিয়ে তিনি বলেন, “আমি যেটা চিন্তা করছি। এখন যার ইচ্ছা সেই ডিপ টিউবওয়েল বসায়। এর জন্য একটা পদ্ধতি করতে হবে।”
বাংলাদেশি ব্যবসায়ীদের অন্য দেশে বিনিয়োগের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমাদের অনেক কোম্পানি বাইরে বিনিয়োগ করতে চায়। তিনটা কোম্পানি করতে চায়। আমি অনুমতি দিতে চাই। “আকিজ, নিটোল ও হা-মীম আবেদন করেছে। গার্মেন্টস ও কৃষিতে আছে। এটা ঢালাও হবে না। কেস টু কেস ভিত্তিতেই থাকবে।”
এমপিদের যে ২০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়, সেটা অপচয় হয় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
“খোঁজ নিয়ে জেনেছি, প্রকৌশলীরা নানা অজুহাত দেখায়। যা শুনলাম, তাতে মনে হয়েছে, এ সব অজুহাত ভোগাস। এসব ঠিক করতে হবে।”
স্থানীয় সরকারের বরাদ্দ বাড়ানো হবে বলে জানান তিনি।
“স্থানীয় পর্যায়ের প্রয়োজনীয়তা সব সময় কেন্দ্র থেকে বোঝা যায় না। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এমপি সবাইকে নিয়ে আলোচনার ব্যবস্থা করে এটা করলে ভালো হয়।”
বাংলাদেশে ‘এমপিওভুক্তি’ পদ্ধতিটা ভাল না উল্লেখ করে তিনি বলেন, “এখানে কেবল কিছু শিক্ষক বেতন পান। এখানে প্রতিষ্ঠানের অবকাঠামোসহ আর কিছু দেখা হয় না।”
এটা নিয়ে একটা কমিটি কাজ করলেও শিক্ষকরা এই পদ্ধতিতেই থাকতে চেয়েছেন বলে জানান মুহিত।
তিনি বলেন, সরকারের ব্যয়ে প্রতি তিন মাসে অর্থ ছাড় দেওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়গুলো বছরের শেষে দেয়। এটা বন্ধ করতে হবে।
