২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার জন্য প্রস্তুত দিল্লি

শেখ হাসিনার সফর সামনে রেখে ভারতের রাজধানী নয়া দিল্লির রাস্তায় উড়ছে বাংলাদেশের পতাকা, শোভা পাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি।

নুরুল ইসলাম হাসিব

নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 12:01 AM

Updated : 19 Aug 2022, 04:16 PM

২০১০ সালের পর শুক্রবার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে পালাম বিমান ঘাঁটির বিমানবন্দরে উপস্থিত থাকবেন মোদীর সরকারে বাঙালি প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে প্রথম কোনো দেশের সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপতি ভবনে থাকবেন হাসিনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই তাকে অভ্যর্থনা জানাবেন, দেওয়া হবে গার্ড অব অনার। দুপুরে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

“আমরা সবাই আগ্রহ নিয়ে ওই বৈঠকের দিকে তাকিয়ে আছি। এই বৈঠক আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যাবে,” বৃহস্পতিবার একদল বাংলাদেশি সাংবাদিককে বলেন ভারতের বিদ্যুৎ প্রতিমন্ত্রী পীযূষ গয়াল।

তিনি বলেন, গত তিন বছরে দুই দেশের আন্তঃসম্পর্কের উন্নয়নে ‘নজিরবিহীনভাবে’ সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হয়েছে।

“আমাদের মধ্যে পারস্পরিক আস্থা রয়েছে। ১৯৭১ সালের পর কখনও দুই দেশের মধ্যে এমন আস্থা ছিল বলে আমার মনে হয় না।”

Image
২০১৫ সালের জুনে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৫ সালের জুনে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানিয়েছেন।

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগড়ায় আটকে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে এখনও কোনো অগ্রগতি নেই। প্রধানমন্ত্রীর এই সফরে এর সুরাহা হওয়ার আশাও নেই বললেই চলে।

ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর বৃহস্পতিবার বলেন, “আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না। সত্যি বলতে আমার কাছে এই মুহূর্তে এমন কোনো কিছু নেই যাতে মনে করতে পারি, আগামী দুই দিনে নাটকীয় কিছু হতে পারে।”

তবে কিছুটা আশার কথা হচ্ছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মমতার, যা তিস্তা নিয়ে অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

এই জট খুলতে সময় লাগবে বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।

তবে তাতে দুই দেশের সম্পর্কের অন্যান্য দিক ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন তিনি।

সফরের শেষ দিন নয়া দিল্লিতে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু।

ভারতের বিদ্যুৎ মন্ত্রী বলছেন, এই খাতে সহযোগিতায় ‘বড় ধরনের’ কিছু করতে পারে দুই দেশ। বাংলাদেশ চাইলে যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত তার মন্ত্রণালয়। 

“আমরা প্রতিবেশীর চেয়ে বেশি কিছু। আমাদের দুই দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে।”

Image
ভারতের রাষ্ট্রপতি ভবন, এই সফরে এখানেই থাকবেন শেখ হাসিনা- ছবি: রয়টার্স

ভারতের রাষ্ট্রপতি ভবন, এই সফরে এখানেই থাকবেন শেখ হাসিনা- ছবি: রয়টার্স

সন্ত্রাসবাদের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণেও আলোচনা হবে দ্বিপক্ষীয় বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে তিনশ সফর সঙ্গীর মধ্যে আড়াইশজন ব্যবসায়ী থাকছেন।

তবে তিস্তা ছাপিয়ে প্রতিরক্ষা সহযোগিতাই এবার উঠে এসেছে আলোচনায়।

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চুক্তি না সমঝোতা স্মারক সই হবে, তা স্পষ্ট করা হয়নি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর দুদিন আগের সংবাদ সম্মেলনেও।

অন্যদিকে দেশের স্বার্থ ক্ষুণ্ন করে এমন চুক্তি হতে যাচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুলেছে বিএনপি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ যতটা দিচ্ছে, ভারত ততটা দিচ্ছে না বলেও অভিযোগ দলটির।

কী ক্ষেত্রে কোন চুক্তি, তা স্পষ্ট না করলেও শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কিছুই করবেন না তিনি।

পুরনো খবর:

ভারত সফরে প্রধানমন্ত্রীর সাড়ে তিনশ জনের বহর