২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিইউ: উড়োজাহাজ ব্যবহারে ৩৪০০ টন কার্বন নিঃসরণ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে শুধুমাত্র বিমানের জ্বালানি ব্যবহারের কারণে তিন হাজার ৪০০ টন কার্বণ নিঃসরণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 08:35 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাব করে জ্বালানি নিঃসরণের এই পরিমাণ বের করেছে বলে সম্মেলন শেষে বুধবার সাংবাদিকদের তথ্য দেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।

এর বাইরে এই সম্মেলন আয়োজনে আরও কী পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে হিসাব করবে প্রতিষ্ঠানটি।

সাবের হোসেন জানান, “যে পরিমাণ কার্বণ নিঃসরণ হয়েছে, তার ক্ষতিকর প্রভাব কমাতে বাংলাদেশের গ্রামাঞ্চলে পরিবেশ বান্ধব চুলা সরবরাহ করা হবে।”

বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরাম এবারই প্রথমবারের মতো গ্রিন অ্যাসেম্বলির আয়োজন করে। সম্মেলনের আগে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী একথা জানিয়েছিলেন।

সম্মেলন শেষে তিনি বলেন, “আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ লাকড়ির চুলাতে রান্না করে। এর জন্য গাছ, পাটখড়ি বা অন্য কিছু পোড়ানো হয়। এই সম্মেলনে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে, সেটির ক্ষতিপূরণ হিসেবে আমরা পরিবেশ বান্ধব স্টোভ সরবরাহ করব।”

“এর ফলে চুলা ব্যবহারে যে কার্বন কম নিঃসরণ হবে, সেটা সম্মেলনের নিঃসরিত কার্বনের ক্ষতিপূরণ দেবে।”

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকে ‘কার্বন ফুটপ্রিন্ট’ হিসাব করার দায়িত্ব দেওয়া হয়েছিলো জানিয়ে আইপিইউ প্রেসিডেন্ট বলেন, “সম্মেলনে বাকি আয়োজনে কী পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে, সেটার হিসাব করতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। এরপর আমরা হিসাব করব, কী পরিমাণ চুলা সরবরাহ করা হবে।”

এবারের আইপিইউ সম্মেলনে কাগজের ব্যবহার কমাতে ‘আইপিউ১৩৬’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়।