২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে বায়জিদ বোস্তামি নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 08:28 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানিয়েছেন।

বায়জিদ ফলিত পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি ঠাকুরাগাঁও জেলার ফারাবাড়ি গ্রামে।

প্রক্টর আমজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে হলে ফেরার সময় পুকুরে নামে বায়জিদ। সে সাঁতরে পুকুর পার হওয়ার সময় মাঝখানে গিয়ে তলিয়ে যায়।

“পরে ফায়ার সাভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকাল পৌনে ৬টার দিকে বায়জিদকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতবছর ১৩ অগাস্ট মোহাম্মদ আলী নামের এক স্কুল ছাত্র এই পুকুরে গোসল করতে নেমে মারা যায়। এর আগে একই বছরের ৭ ফেব্রুয়ারি অজ্ঞাত এক ব্যক্তির লাশ মেলে পুকুরে।  

বিশ্ববিদ্যালয়ের এই পুকুরে ২০১৫ সালের ১৩ মে পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হায়দারী মেহফুজ উল্লাহ রাহী মারা যান। তারপর থেকে সেখানে গোসল করতে নামার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনবোর্ড টানানো আছে।