২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া দলিলে জমি ইজারা: ২ জন গ্রেপ্তার

ভুয়া দলিল তৈরি করে সরকারের প্রায় ২৫৮ কাঠা জমি ইজারা দিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 06:27 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

গ্রেপ্তাররা হলেন মিরপুরের শাহআলী নগর হাউজিং এস্টেটের মালিক মো. শমসের আলী ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর মো. নুরুজ্জামান।

সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর-১ থেকে তাদের গ্রেপ্তার করেন বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি বলেন, মিথ্যা ইজারা দলিল তৈরি করে তা খাঁটি দেখিয়ে দালিখ, সম্পাদনা ও নিবন্ধনের মাধ্যমে মিরপুর-১ এলাকায় ২৫৮ কাঠা সরকারি জমি আসামিরা আত্মসাত করেন।

“শমশের আলীর নামে ২০০০ সালে ২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৮৬৪ টাকার সম্পত্তি জেনেও মাত্র ৬৪ হাজার টাকা মূল্যে ইজারা দলিল সম্পাদন করেন মিরপুরের সাব-রেজিস্ট্রার মোখলেসুর রহমান ঠাকুর।”

প্রকৃতপক্ষে সরকার এ জমি শমশের আলীর নামে ইজারা দেয়নি। শমশের আলী অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া ইজারা দলিল তৈরি করে সাব-রেজিস্ট্রারসহ নুরুজ্জামান পারস্পরিক যোগসাজসে সম্পত্তি আত্মসাত করেন বলে প্রণব জানান।

এ অভিযোগে গত বছরের ২ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানায় সাব-রেজিস্ট্রার মোখলেসুর রহমান ঠাকুরসহ তিনজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ মামলা করেন। এরপর মামলাটি তিনি নিজেই অনুসন্ধান করেন।