২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালটে অবৈধ হাত দিলে প্রতিরোধ: কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 03:28 PM

Updated : 11 Oct 2022, 01:41 PM

নির্বাচনের আগের দিন বুধবার সকালে কুমিল্লা পুলিশ লাইনসে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিংয়ে তিনি বলেন, “ব্যালটে অবৈধ হাত দিলে সেটা প্রতিহত করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার আছেন ২ লাখ ৭ হাজার ৫৬৩ জন। মেয়র পদের জন্য চারজন এবং ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের জন্য মোট ১৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, “নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো অনিয়ম হবে না। কেউ অনিয়ম করতে চাইলে সাবধান হয়ে যান। আমাদের হাত অনেক শক্ত। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে যে হাতিয়ার প্রয়োজন সেটা ব্যবহার করব।”

তিনি বলেন, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে ‘সুন্দর নির্বাচন’ করতে চায় নির্বাচন কমিশন। কিন্তু অনেক সময় চাইলেও সেটা পারা যায় না। অনিয়মের কারণে কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়।

“আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এবারের নির্বাচনে কোনো কারচুপি হবে না। ‍সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পোলিং এজেন্ট, রাজনৈতিক দল ও সর্বোপরি ভোটার- সবার সমর্থন চাই।”

নির্বাচনে যার যা দায়িত্ব- তা সুন্দরভাবে পালনের আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, যে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি দেখানো হবে।

“কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা করতে এলে আমরা সেখান থেকে তাকে স্বাভাবিকভাবে যেতে দেব না। বিশৃঙ্খলা করলে কেউ অক্ষত অবস্থায় পুলিশের সামনে থেকে যেতে পারবে না।”

নির্বাচন কমিশনের ‘যে কোনো বৈধ আদেশ’ পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভোটগ্রহণ শুরুর আগে ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতনদের মোবাইল নম্বর পুলিশ সদস্যদের সংরক্ষণ করতে নির্দেশ দেন তিনি।

“এবার প্রতিটি কেন্দ্রের ইনচার্জের হাতে আমরা একটি করে ওয়াকিটকি দিয়ে দেব, যাতে যোগাযোগ সহজভাবে করা যায়।”

ব্রিফিংয়ের পরে এ নির্বাচনী এলাকার ১০৩টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়। প্রিসাইডিং কর্মকর্তারা ব্যালট বাক্স, সিলসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়ে চলে যান যার যার কেন্দ্রে।