২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতির আগে জরুরি ছিল ভাষানীতি: ভাষাসৈনিক শামসুল হুদা

বাংলা ভাষার বিস্তারে নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোকপাত করতে গিয়ে দেশে শিক্ষানীতির আগে ভাষানীতি প্রণয়ন করা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন একুশে পদকজয়ী ভাষাসৈনিক শামসুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2017, 10:33 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে ‘জয় বাংলা’ শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠানে একথা বলেন তিনি।

ভাষাসৈনিক শামসুল হুদা বলেন, “সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহার যখন আমরা নিশ্চিত করতে পারিনি, তখন মনে হচ্ছে, শিক্ষানীতির আগে আমাদের ভাষানীতি প্রণয়ন করা জরুরি ছিল।”

‘সমধারার’ আয়োজিত এই অনুষ্ঠানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে শামসুল হুদা বলেন, “ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আমরা একদিন দেশ স্বাধীন করলাম, বিজয় অর্জিত হল। কিন্তু দুঃখ হল, এখন বাংলা ভাষাকে সর্বস্তরে প্রয়োগ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ভাষা দিবস উদযাপনকে যেন সৌখিনতা মনে হয়।”

তিনি বলেন, “আমরা কত সংগ্রাম করে, জেল-জুলুম সয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করলাম। অথচ মনে হয়, দেশ সেই আদর্শচ্যুত হয়েছে। সরকারি বিধিনিষেধ, প্রজ্ঞাপনের পরেও যখন ভাষাকে প্রতিষ্ঠা করা গেল না, তখন তো বলতেই হয়, আমাদের মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে। সেভাবে সচেতনতাবোধ গড়ে তুলতে পারিনি আমরা।”

রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ যখন নিজের ভাষাকে গুরুত্ব দিয়ে এগিয়ে গেছে, তখন বাংলাদেশে ভিনদেশি ভাষাকে ‘সর্বোচ্চ প্রাধান্য’ দেওয়া হয়েছে অভিযোগ এনে তার সমালোচনা করেন এই ভাষাসৈনিক।

“আমাদের বর্ণমালা পৃথিবীর সবচেয়ে সহজতম বর্ণমালা। অথচ আমরা পড়ে আছি বিদেশি ভাষা নিয়ে। ওরা পারলে আমরা কেন পারব না?”

রাজনীতিবিদসহ বিভিন্ন অঙ্গনের নেতারা তরুণ প্রজন্মকে নানাভাবে বিপথে পরিচালিত করছে বলে অভিযোগ করেন শামসুল হুদা।

“তারা তরুণদের নানাভাবে ভুল বোঝাচ্ছে। নীতি নৈতিকতা বর্জন করে তারা নিজেরা নানা দুর্নীতিতে লিপ্ত হয়েছে। এভাবেই তো তরুণরা বিপথে যাচ্ছে। মাদক সেবনসহ অনেকরকম অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”

সমাজের সর্বস্তরে দুর্নীতি দমনের আহ্বান জানিয়ে শামসুল হুদা বলেন, “দুর্নীতি দমন করা গেলে আমাদের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার মুখ দেখবে।”

অনুষ্ঠানে আরেক ভাষাসৈনিক অধ্যাপক শরীফা খাতুন বলেন, “বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি সবক্ষেত্রে বাংলাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ অবদান রাখতে হবে।”

মৌলবাদীর গোষ্ঠীর দাবি অনুযায়ী প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ করেন প্রতিভা মুৎসুদ্দী।

“আজ সবখানেই সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে গেছে। পাঠ্যপুস্তক থেকে প্রথিতযশা লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে, কোথাও বিকৃত করা হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের সবাইকে ভুগতে হবে।”

তবে তিনি স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মকে নিয়ে। তিনি মনে করছেন, তরুণরা সব প্রতিকূলতা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলা ভাষাকেও পরিপূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করবে।

পরে আলোচনায় যোগ দিয়ে আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নুরুল হুদা বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পড়েছি, অধ্যাপনার শুরুও ইংরেজি বিভাগে। কিন্তু আমি যখন বাংলায় কবিতা লিখি, তখন অনেকে প্রশ্ন করেছেন, কেমন করে ভালো বাংলা পারি। আমি বলি, আমার চেতনার ভেতরেই ঢুকে গেছে বাংলা ভাষা।”

কবিতার কখনও অনুবাদ হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, “কবিতার সৃষ্টি, ভাব, চিন্তা এসবের কি কখনও অনুবাদ হয়? বাংলা হল এক জীবন্ত ভাষা। আমরা যদি সতর্ক না হই, তবে বাংলাও পৃথিবীর লুপ্ত ভাষাগুলোও মধ্যে ঢুকে যাবে।”

কাইয়ুম নিজামীর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক ও জসীম উদ্দিন আহমেদ।

পরে মালেক নাছের উদ্দিনের গ্রন্থনা ও নির্দেশনায় সাংস্কৃতিক পর্বে ছিল দেশাত্মবোধক গান ও কবিতার পরিবেশনা।