২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিদের সঙ্গে ভারতীয় নবীন কূটনীতিকদের মতবিনিময়

প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন সংসদীয় কমিটির কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৪ জন নবীন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 09:07 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

বৃহস্পতিবার বাংলাদেশ সফররত ভারতীয় নবীন কূটনীতিকরা সংসদ ভবনে এই মতবিনিময় করেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তাদের এটাই প্রথম বিদেশ সফর। তাদের সঙ্গে আমাদের কমিটি কার্যক্রম, বিল পাসের প্রক্রিয়া, নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া, এমডিজি অর্জনের লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

“সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সংসদ ভবনের স্থাপত্যের ওপর প্রেজেন্টশন দেওয়া হয়েছে।”

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা জানান, নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে এই সফর।

সফররত ভারতীয় কর্মকর্তারা সংসদ ভবন ঘুরে দেখেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Image
মতবিনিময়ের এই ছবি ফেইসবুকে দিয়েছেন সাংসদ মাহজাবিন খালেদ

মতবিনিময়ের এই ছবি ফেইসবুকে দিয়েছেন সাংসদ মাহজাবিন খালেদ

এতে বলা হয়, মতবিনিময়কালে ইন্ডিয়ান ফরেন সার্ভিস এবং বাংলাদেশ ফরেন সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলকে স্বাগত জানান সংসদ-সদস্যরা। ভারতের সাথে বাংলাদেশের ‘অত্যন্ত চমৎকার’ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই সফরের ফলে দুই দেশের ফরেন সার্ভিসের মধ্যে আন্তঃসম্পর্ক আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্যরা।

সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, পংকজ নাথ, সুকুমার রঞ্জন ঘোষ, মো. মনিরুল ইসলাম, জিয়াউদ্দিন আহমেদ (বাবলু), ফজিলাতুন নেসা বাপ্পি, মাহজাবিন খালেদ, ওয়াসিকা আয়শা খান ও নুরজাহান বেগম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।