লজেন্স বা বিরিয়ানি খেতে নয়, বইয়ের মেলায় শিশুরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে শিশু একাডেমী বইমেলা।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ স্লোগানে শিশুদের জন্য ১১ দিনব্যাপী এ মেলা শুরু হয়।
শিশু একাডেমী আয়োজিত এ বইমেলায় উদ্বোধনীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “বাংলাদেশটা অনেক সুন্দর। বঙ্গবন্ধু যদি না থাকত, বাংলাদেশও হতো না।”
বক্তব্যের শুরুতে শিশুদের জন্য নিয়মিত লিখে আসা এই সাহিত্যিক শিশুদের জিজ্ঞাসা করেন- ‘তোমার সবাই কেমন আছো?’ শিশুরা উত্তরে বলে ‘ভালো’। ‘তোমার সবাই আজকে এখানে কেন এসেছো, বিরিয়ানী খাওয়ার জন্য?; না প্রত্যুত্তর দেয় শিশুরা।
তখন তিনি বলেন, “ঠিক নাই, ঠিক নাই, তাই না। আমরা আজকে এসেছি লজেন্স মেলায়? আমরা এখানে এসেছি মোবাইলের মেলা দেখার জন্য?”
উত্তরে শিশুদের ফের ‘না’।
“আচ্ছা- আমরা এসেছি বইয়ের মেলার জন্য,” অধ্যাপক ইকবালের এ কথার পর উচ্ছ্বসিত শিশুরা বলে, ‘হ্যাঁ’
১৭ মার্চ সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করেন তিনি; ‘এদিন কী হয়েছিল’। উত্তরে শিক্ষার্থীরা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম’।
শিশুদের জন্য বইমেলার উদ্বোধনীতে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল
শিশুদের উদ্দেশে তিনি বলেন, “বঙ্গবন্ধু যদি না থাকত, তাহলে আমাদের বাংলাদেশও হতো না- বুঝেছো। দেখছো... এত বড় সুন্দর একটা দেশ, বঙ্গবন্ধু না থাকলে দেশটাই থাকতো না। তিনি তো আমাদের মাঝে নাই। আমরা তার জন্মদিন পালন করছি। তোমাদের মতো ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে জন্মদিন পালন করছি।”
উদ্বোধনীতে আসা শিশুদের বেশি বেশি বই পড়ার উপদেশ দিয়ে শিক্ষাবিদ জাফর ইকবাল তাদের জিজ্ঞেস করেন, “বই পড়া বেশি দরকার, না মোবাইলে টেলিফোন করা বেশি দরকার?”
এসময় শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা এক সময় বড় হবা যখন, তখন দেখাবা তোমার আপুর কাছে, ভাইয়ার কাছে, তোমার আম্মুর কাছে, আব্বুর কাছে, একটা স্মার্টফোন থাকবে; তোমরা কিন্তু ধারে কাছেও যাবা না। তোমরা বই পড়বা, ঠিক।
“বই পড়লে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে। দুনিয়ায় কত কিছু হয়, সেগুলো জানা যায়। যদি মোবাইলে টেলিফোন করো, কম্পিউটারে গেম খেল, তাহলে কিছুই তুমি জানবে না। সেজন্য আমরা যখন ছোট ছোট ছেলেমেয়েদের দেখি, তখন শুধু বই পড়, বই পড় বলি।”
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত বইমেলায় শিশুরা
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমাদের পাঠ্যবই ও গল্প, দুই ধরনের বইয়েই পড়তে হবে। যদি শুধু পাঠ্যবই পড়, তাহলে হবে না। তাহলে তোমার বুদ্ধি অল্প থেকে যাবে। যদি পাঠ্যবইয়ে সাথে সাথে অন্য বইগুলো পড়, অনেক বেশি বুদ্ধি হবে।”
শিশু একাডেমি প্রাঙ্গণের বইয়ের স্টলগুলো দেখিয়ে অধ্যাপক জাফর ইকবাল বলেন, “এখানে হাজার হাজার বই। ঘুরে ঘুরে দেখবে। বই পছন্দ করবে- পরে তোমার আব্বু-আম্মুর কাছ থেকে কিনে নেবে।
“একজন একটা বই কিনবে, আরেকজন একটা বই কিনবে। একজন অন্যজনের বইটা ধার নিয়ে পড়বে। সব বইয়ে যে নিজে নিজে কিনে পড়বে, তাহলে হবে না। একজন বই আরেকজনকে দেবে।”
মেলায় পছন্দের বই খুঁজছে শিশুরা
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি শিশুদের কাছে জানতে চান, “তোমরা কি রাজনীতিবিদ হবে না; দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে না?”
এর উত্তরেও শিশুদের ‘হ্যাঁ’ জবাব আসে।
তখন প্রতিমন্ত্রী বলেন, “যদি হতে চাও, বঙ্গবন্ধর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে; তাহলেই তোমাদের পক্ষে ভালো রাজনীতিবিদ হওয়া সম্ভব।”
অনুষ্ঠানে শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংমদ সদস্য কাজী রোজী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ও শিশু সাহিত্যিক আখতার হুসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন।
