২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু একাডেমিতে শুরু হচ্ছে এগারো দিনের বইমেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 08:16 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা ২০১৭।

শিশু একাডেমি প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ১১টায় এগারো দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

শিশু একাডেমি আয়োজিত বইমেলার সপ্তম আসরে অংশ নিচ্ছে দেশের ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বইমেলা উপলক্ষে একাডেমির সভাকক্ষে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত জানান শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একাডেমির পরিচালক তিনি বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোমলমতি শিশু-কিশোরদের বই পাঠের প্রতি আগ্রহী করার লক্ষ্যে আমাদের এ মেলার আয়োজন।”

মেলায় শিশুতোষ বইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও থাকবে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।

মেলা উপলক্ষে বুলেটিন প্রকাশ করা হবে। প্রতিদিন একাডেমির শহীদ মতিউর মুক্ত মঞ্চে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। শিশু একাডেমিসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।

চারুকলায় ‘বঙ্গবন্ধু উৎসব’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাঙালি সাংস্কৃতিক জোট আয়োজন করেছে ‘বঙ্গবন্ধু উৎসব’।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘বঙ্গবন্ধু উৎসব’-এর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আয়োজনের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি চয়ন ইসলাম।

উৎসবের প্রথম পর্বে রয়েছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। আরও থাকবে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের মূল পর্ব আলোচনা অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টায়। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ।

আলোচনা পর্বের পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রর্দশনী। সঙ্গীত পরিবেশন  করবেন মমতাজ, কাদেরী কিবরিয়া ও রথীন্দ্রনাথ রায়। নৃত্য পরিবেশন করবেন সোহেল রহমান ও তার দল।

সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় শিল্পী অংশুমান রায়ের সন্তান ভাস্বর রায় ও শিল্পী দিনাত জাহান মুন্নী। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন সাদি মহম্মদ, শাহীন সামাদ, চন্দনা মজুমদার, আব্দুল জব্বার, কিরণচন্দ্র রায়, ইন্দ্রমোহন রাজবংশী, সালমা।

এদিন থাকবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রদর্শনী।

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘ফ্রঙ্কোফোনি উৎসব’

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়  চলছে ‘ফ্রঙ্কোফোনি উৎসব’।

  আলিয়ঁস ফ্রঁসেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  ফ্রঙ্কোফোনি উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ফরাসি ক্রীড়া প্রতিযোগিতা ‘পেতঙ্ক’, ল্যাবসি-তোয়া প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, অনুবাদ প্রতিযোগিতা, সাহিত্য বিষয়ক আলোচনা।

মঙ্গলবার থেকে শুরু হওয়া উৎসবে প্রথম পর্বে ছিল ‘ফ্রঙ্কোফোনি কনসার্ট’। আসরে ফরাসি সঙ্গীতশিল্পী ভাঁসঁ ম্যায়ের সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলবে ২৫ শে  মার্চ পর্যন্ত।

প্রতি বছর ২০ মার্চ সারা পৃথিবীর ফ্রঙ্কোফোন বা ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলো আন্তর্জাতিক ফ্রঙ্কোফোনি দিবস উদযাপন করে আসছে।