২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান-কবিতা-নাচে আইজিসিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গান, কবিতা ও নৃত্যের নানা পরিবেশনায় উদযাপিত হল ইন্দিরা গান্দী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 09:09 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ককে আরও জোরালো করতে ২০১০ সালের ১১ মার্চ এ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করে ভারত সরকার।

সাত বছর পূর্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং তার সহধর্মিণী হেমাল শ্রিংলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিসিসির পরিচালক জয়শ্রী কুণ্ডু।

বছরপূর্তির অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা ও অতিথিদের আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উঠে আসে; সেইসঙ্গে সংস্কৃতির আশ্রয়ে দুই দেশের মানুষে মানুষে সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার প্রত্যয় জানানো হয়।

উদ্বোধনী বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে নানাবিধ আয়োজন করছে। হলি আর্টিজান ট্র্যাজেডির পর গুলশান কার্যালয় বন্ধ হয়ে গেলে আমরা ধানমন্ডিতে কার্যক্রম আরও বিস্তৃত করেছি।

“নতুন চ্যান্সেরিতে আমরা নতুনভাবে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করেছি।  দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে চাই আমরা।”

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “ভারত বিশ্বের শক্তিধর দেশের একটি। এমন বড় দেশ পাশে থাকলে অন্য দেশগুলোর মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয়। কিন্তু এখন সেই নেতিবাচক আচরণকে গুরুত্ব দেওয়ার সময় নেই।

“মানুষে মানুষে দেশে দেশে বিভক্তি সৃষ্টির জন্য রাজনৈতিক খেলা থাকবেই কিন্তু আমাদের নিজেদের ভালটা বুঝতে হবে; প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। আমার প্রত্যাশা, তরুণ প্রজন্ম সেই নেতিবাচকতা থেকে বেরিয়ে এসে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় স্থাপন করবে।”

ধর্মের ভিত্তিতে দেশভাগের ঘটনাকে ‘নেতিবাচক রাজনীতি’ আখ্যায়িত তা এখনও রয়েছে বলে মন্তব্য করেন পরিবেশ ও বনমন্ত্রী।

“১৯৪৭ সালে যে দেশভাগের ঘটনা ঘটে, তা ছিল কৃত্রিম উপায়ে করা। ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্রের বিভাজন হবে, এটা ভাবাই যায় না। রাজনীতি আমাদের বিভক্ত করার কাজে নিয়োজিত ছিল। সেই রাজনীতি এখনো অনেকে বহন করছে। কিন্তু নেতিবাচক রাজনীতি কোনো সুফল বয়ে আনতে পারে না।” 

গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। মঞ্চে আসেন আইজিসিসির সঙ্গীতগুরু সন্তোষ কুমার মিশ্রা এবং তার ২২ সঙ্গীত শিক্ষার্থী। সঙ্গীতের স্বরের খেলায় সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় স্বরশ্রুতি। গান শেষে নাচ নিয়ে আসে আইজিসিসির শিক্ষার্থী শিল্পীরা। নাচ-গানের মেলবন্ধনের পর ছিল কবিতার শিল্পিত উচ্চারণ। হিন্দি ভাষার কবিতা থেকে পাঠ করেন খালেদ হাসান মুন।

এরপর শাস্ত্রীয় নৃত্যের পরিবেশনায় ছিল আইজিসিসির ৬ থেকে ১২ বছরে শিক্ষার্থীদের একটি দল, পরিবেশিত হয় বাল্যকৃষ্ণ নর্তন। অনূর্ধ্ব ১২ বছরের শিল্পীরা পরিবেশন করে গোপ রস শিরোনামের নাচ। নাচ-গান ও কবিতার এই পরিবেশনার মাঝে ছিল যোগ ব্যায়ামের প্রদর্শনী।

গীতশতদল-এর পঞ্চকবির গান

সঙ্গীত সংগঠন ‘গীতশতদল’ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করেছিল পঞ্চকবির গানের অনুষ্ঠান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ও আমার দেশের মাটি’ এ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ইকবাল বাহার চৌধুরী, শিল্পী সাদী মুহাম্মদ ও বুলবুল মহলানবীশ। অনুষ্ঠানে পঞ্চকবির গান গেয়ে শোনান আরজু আক্তার, অপর্ণা খান, রীতা মজুমদার, মানসী সাধু, শিল্পী বালা, বাঁশরী দত্ত, মোসলেমা আক্তার, কৃষ্ণা, রত্না দত্ত, শুক্লা রায় চৌধুরী, সংযুক্তা রায়, নিতু চক্রবর্তী।

মুক্তবাক-এর ‘স্বপ্নঘুড়ি দিলাম ছাড়ি’

আবৃত্তি সংগঠন মুক্তবাক আয়োজন করেছিল ‘স্বপ্নঘুড়ি দিলাম ছাড়ি’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের।  মঙ্গলবার শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দ্বিমাসিক আবৃত্তি অনুষ্ঠানের অষ্টম পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আগে আলোচনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম ও মুক্তবাক-এর নির্বাহী প্রধান ইকবাল খোরশেদ।

অনুষ্ঠানে আবৃত্তিতে অংশ নেন অদিতি অমৃতারাজ, রায়হার হায়দার রঞ্জন, কৃষ্ণা পাল, ইরাম মাহফুজা, মো. আসাদুজ্জামান, অমিয়া অমানিতা ও আশরাফ আলী। পরে আবৃত্তিশিল্পী মো. আহকামউল্লাহ উপস্থাপন করেন ‘মা’ বিষয়ক আবৃত্তি প্রযোজনা ‘আলোসাগরের গান’। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু।