‘১১ মার্চ’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথমবারের মতো ধর্মঘট কর্মসূচির পালনের মাধ্যমে আন্দোলন শুরুর দিন ১১ মার্চকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি এসেছে রাজধানীর এক অনুষ্ঠান থেকে।
শনিবার বিকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাষা আন্দোলন ও ১১ মার্চ উদযাপন’ শীর্ষক অনু্ষ্ঠান থেকে এ দাবি জানান সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী।
১১ মার্চের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে তিনি বলেন, “১৯৪৮ সালে আজকের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সালের ১১ মার্চ ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছিল জানিয়ে কামাল লোহানী বলেন, “ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমান আছেন; তার নেতৃত্বে ১৯৪৮ সালে ১১ মার্চ ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।
“কিন্তু পরবর্তীতে তিনি জেলে যাওয়ার কারণে, ভাষা আন্দোলন তার অংশ নেওয়া হয়নি।”
বর্তমান সময়ে বাংলা ভাষাকে বিকৃত করে ফেলা হচ্ছে অভিযোগ এনে এই সাংস্কৃতিক সংগঠক বলেন, “এখন সব জায়গায় বাংলা ভাষাকে বিকৃত করে বাংলা-ইংরেজি মিলিয়ে ফেলছে। রেডিওতে বাংলা-ইংরেজি মিলিয়ে ফেলা হয়। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে।”
কবি মোহাম্মাদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সমাজবিজ্ঞানের অধ্যাপক মশিউর রহমান বক্তব্য দেন।
আলোচনা অনুষ্ঠান শেষ ক্রান্তি, খষিজ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও পদাতিক সংগীত সংসদ ভাষার গান পরিবেশন করে।
