ময়নামতি ইউনিয়নের নামে বিভাগের নাম ‘অযৌক্তিক’
প্রস্তাবিত বিভাগের নাম ‘ময়নামতি’ না রেখে কুমিল্লা নামে করার দাবি জানিয়েছেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, “কুমিল্লা জেলার বরুড়া উপজেলার একটি ইউনিয়ন ময়নামতির নামে নতুন বিভাগ প্রতিষ্ঠা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না,”
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ’ এর মানববন্ধনে একথা বলেন কুমিল্লার সাবেক এই জনপ্রতিনিধি।
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা নিয়ে নতুন বিভাগের পরিকল্পনা চলছে। নতুন বিভাগের নাম ময়নামতি হবে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।
গত ১৪ ফেব্রুয়ারি পরিকল্পনামন্ত্রী ওই কথা বলার পর কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রতিক্রিয়া আসছে। তারা কুমিল্লা নামেই বিভাগ করার দাবি তুলেছেন।
ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ করার দাবিতে মানববন্ধন (ফাইল ছবি)
খন্দকার মোশাররফ বলেন, অতীতে যতগুলো বিভাগ হয়েছে, সেই বিভাগের যে বৃহত্তম শহর, তার নামেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কুমিল্লার ক্ষেত্রে এসে অন্য নাম দেওয়ার পাঁয়তারা চলছে।
খন্দকার মোশাররফ বলেন, “বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীবাসী এ ধরনের নামকরণ কখনোই মেনে নেবে না।ঐতিহ্যবাহী কুমিল্লার নাম মুছে ফেলা যাবে না। কুমিল্লা বিভাগ কুমিল্লার নামেই হতে হবে।”
বর্তমান সরকার ময়নামতি নাম রাখলেও ভবিষ্যতে নতুন সরকার তা বাতিল করে কুমিল্লা নাম দেবে বলে আশা করেন বিএনপি নেতা মোশাররফ।
“এই শহরের সঙ্গে দেশের বহু ইতিহাস জড়িত। এই কুমিল্লার নাম মুছে ফেলা একটা গভীর ষড়যন্ত্র। এটা চরম অন্যায়। এটা আপনারা (সরকার) করবেন না।”
হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে মানববন্ধনে খন্দকার মারুফ হোসেন, শহীদুর রহমান তামান্না ও মোরতাজুল করীম বাদরু বক্তব্য দেন।
